আজ গাজীপুর-ময়মনসিংহ-কিশোরগঞ্জে যাচ্ছেন ডা. শফিকুর রহমান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ব্যাপক গণসংযোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক ব্যস্ততম দিন পার করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ তিনি দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলা—কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

আজকের কর্মসূচির প্রথম পর্যায়ে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জ সফর করছেন। সকাল ১০টা ৩০ মিনিটে কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি যোগ দেবেন। সেখানে কিশোরগঞ্জের ৬টি নির্বাচনী এলাকায় জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন। জনসভা সফল করতে গতকালই সংবাদ সম্মেলন করে প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা জামায়াত।

কিশোরগঞ্জের কর্মসূচি শেষে জামায়াত আমির ময়মনসিংহে পৌঁছাবেন। বেলা ১১টায় ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেবেন তিনি। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও সদর আসনের (ময়মনসিংহ-৪) প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল জানান, আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সোমবার সকালেই শীর্ষ নেতারা জনসভার মাঠ পরিদর্শন করেছেন এবং বিশাল মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

ময়মনসিংহের কর্মসূচি শেষ করে ডা. শফিকুর রহমান সরাসরি গাজীপুর অভিমুখে যাত্রা করবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এই সভায় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

সোমবার গাজীপুর ও ময়মনসিংহে পৃথক সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা জানান, ডা. শফিকুর রহমানের এই সফর শুধু নির্বাচনি প্রচারণা নয়, বরং দেশ ও জাতির চলমান সংকটে সুশাসন ও ন্যায়বিচারের একটি শক্তিশালী বার্তা দেবে। ১১টি আসনসহ সবকটি নির্বাচনি এলাকায় প্রার্থীদের জয়ের লক্ষ্যে নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত