সর্বোচ্চ ম্যাচ খেলে জস বাটলারের ইতিহাস

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

ইংল্যান্ড ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমে তিনি ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার হয়ে গেছেন। এই ম্যাচটি ছিল বাটলারের ইংল্যান্ডের হয়ে ৪০২তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে তিনি কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে (৪০১ ম্যাচ) ছাড়িয়ে যান।

একইসঙ্গে বাটলার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি বড় মাইলফলক ছুঁয়েছেন। তিনি এখন টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২৯ বলে ৩৯ রান করে ইংল্যান্ডকে ৬ উইকেটে জয় এনে দেন তিনি। এখন পর্যন্ত ১৪৬ ম্যাচে ৩৫.৩৬ গড়ে তার রান ৩ হাজার ৯২৫। এই ফরম্যাটে তার সেঞ্চুরি একটি এবং হাফ-সেঞ্চুরি ২৮টি।

বাটলার ইতোমধ্যেই ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। সাবেক অধিনায়ক ইয়ন মরগানের (২ হাজার ৪৫৮ রান) চেয়ে তিনি অনেক এগিয়ে। সব ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের হয়ে বাটলারের মোট রান এখন ১২ হাজার ৩০৮। এর মধ্যে ৫৭ টেস্টে ২ হাজার ৯০৭ রান এবং ১৯৯ ওয়ানডেতে ৫ হাজার ৫১৫ রান আছে তার ঝুলিতে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড। অভিজ্ঞতা ও ফর্ম—দুটোই পাশে থাকায় আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের বড় ভরসা হয়ে থাকবেন জস বাটলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত