বগুড়ায় ভুয়া ফুড ইন্সপেক্টর আটক, উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের উদ্দিরগোলা বাজারে শাহীন নামের এক হোটেল মালিকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন ভুয়া ফুড ইন্সপেক্টর মেহেদী হাসান। এসময় জনতা তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে উদ্দিরগোলা বাজারের শাহিন হোটেলে এ ঘটনা ঘটে।

আটক মেহেদী হাসান সদর উপজেলার নারুলী এলাকার মনির উদ্দিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেহেদী হাসান একটি রিকশাযোগে উদ্দিরগোলা বাজারে এসে শাহিনের হোটেলের সামনে নামেন। পরে তিনি হোটেলের ভেতরে ঢুকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন এবং নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দেন। একপর্যায়ে তিনি হোটেল মালিক শাহিনের কাছে এক লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করবেন বলে হুমকি দেন।

হোটেল মালিক প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে পাঁচ হাজার টাকা দিতে চাইলে মেহেদী আরও উত্তেজিত হয়ে ওঠেন। এসময় স্থানীয় লোকজন তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বিভিন্ন বিভ্রান্তিকর পরিচয় দিতে থাকেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। পুলিশ হোফাজতে নেয়ার সময় স্থানীয়রা তার উপর চড়াও হয়ে উত্তম-মধ্যম দেয়।

এ বিষয়ে হোটেল মালিক শাহিন বলেন, সে আমার দোকানে এসে ভিডিও করে নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে। টাকা না দিলে জরিমানা করবে বলে ভয় দেখায়। আমি সন্দেহ হলে তাকে ধরে ফেলি।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তা‌কে থানা হেফাজতে নি‌য়ে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান রয়েছে। মামলা হলে তাকে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত