নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: জাপার ফখরুল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের তিনবারের সাবেক এমপি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে লাঙল প্রতীক মনোনীত প্রার্থী ফখরুল ইমাম বলেছেন, এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সরকার একটি বিশেষ দলকে নির্বাচনী সুযোগ-সুবিধা দিতে পরিকল্পিতভাবে কাজ করছে। রংপুরের বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর এবং দেশের বিভিন্ন আসনে লাঙ্গলের প্রার্থীদের ভোটের মাঠে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরব ভূমিকা পালন করছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগি ইউনিয়নের জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামের বাসভবনে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় ফখরুল ইমাম বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হয়। যা এখন পর্যন্ত নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তবুও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি একটা কারণে, তা হলো-গণতন্ত্রের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে। আপনারা জানেন জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। দলীয় আদর্শগত কারণে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে জয়লাভ করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের হলো উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা।

জাপার এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, জাতীয় পার্টির প্রতিনিধি হিসেবে আমি ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আবারও লাঙলের প্রার্থী হয়েছি। জনগণ ভোট দিলে পাস করব, আর  না দিলে কিছুই করার নাই। কিন্তু আমার বিগত ১০ বছর আমলে ঈশ্বরগঞ্জের রাস্তাঘাট ও খালভার্টের যে পরিমাণ উন্নয়ন করেছি তা অতীতের সকল রেকর্ড ভেঙেছে। যদি আবার সুযোগ পাই তাহলে আমি ঈশ্বরগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের অবশিষ্ট কাজটি সম্পন্ন করব। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং মাদক-ক্যাসিনোসহ সকল সামাজিক অপরাধ নির্মূলে কাজ করব।

মতবিনিময়কালে নির্বাচনী ইশতেহার পাঠ করে শোনান ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ মুক্তি। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সংস্কৃতি,সাহিত্যও ক্রীড়া সম্পাদক সহিদ আমিনী রুমি, ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. আব্দুল মোতালিব ভূঁইয়া, উপেজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. তফাজ্জল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক  ইসমাইল হোসেন তুষার, উপজেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মতিন, জেলা জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক কবীর আলী প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত