বাংলাদেশ পৃথিবীর অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, তাপপ্রবাহ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতি বছর লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, জীবিকা হারাচ্ছে, দারিদ্র্যের নতুন চক্রে প্রবেশ করছে যা বিশ্বব্যাপী এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পৃথিবীর বিভিন্ন সংস্থা ও পরিবেশবাদীরা সোচ্চার। এই পরিস্থিতি শুধু বাংলাদেশে সীমিত নয়; এটি বৈশি^ক আলোচনার একটি প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইপিসিসি থেকে শুরু করে অসংখ্য আন্তর্জাতিক সংস্থা ও পরিবেশবাদী গোষ্ঠী জলবায়ু সংকট মোকাবিলায় সক্রিয়। উন্নত দেশগুলোতে জলবায়ু নীতি, কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করা এসব ইস্যু রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু এবং নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, পরিবেশবিদ এবং জলবায়ু কর্মীরা ২০১৯ সালের নির্বাচনের আগে যুক্তরাজ্যের প্রথম টেলিভিশনে প্রচারিত দলীয় নেতাদের জলবায়ু পরিবর্তনের ওপর বিতর্ক শুরু করতে সাহায্য করেছিলেন, যেখানে জলবায়ু প্রতিশ্রুতির ওপর আন্তঃদলীয় মনোযোগ বৃদ্ধি পেয়েছিল।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো মিছিল, আলোচনা, সমাবেশের আয়োজন করছে এবং ভোট প্রচারণায় জনসাধারণকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এগুলোর মধ্যে টেকসই, পরিবেশবান্ধব এবং জলবায়ু পরিবর্তন নিরসনের পক্ষে কোনো কঠোর বিষয় নেই। যদিও চূড়ান্ত দলীয় মেনোফেস্টো ঘোষণা করা হয়নি। নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ এখনো প্রান্তিক বিষয় হিসেবেই রয়ে গেছে। এই বৈপরীত্য কেবল বিস্ময়কর নয়, এটি গভীর ও কাঠামোগত একটি রাজনৈতিক প্রশ্ন। কেন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভুক্তভোগী দেশগুলোর একটি হয়েও বাংলাদেশে শক্তিশালী জলবায়ু আন্দোলন, চাপ সৃষ্টিকারী গ্রুপ বা রাজনৈতিক এজেন্ডা গড়ে ওঠেনি? এর উত্তর অস্বস্তিকর হলেও বাস্তবতা বোঝার জন্য অপরিহার্য। উন্নত দেশগুলো তুলনামূলকভাবে জলবায়ু পরিবর্তনের তুলনামূলক কম নেতিবাচক প্রভাব ফেললেই সেখানে রাজনৈতিকভাবে এর গুরুত্ব অনেক বেশি। কারণ সেসব দেশে জলবায়ু ইস্যু উপেক্ষা করলে রাজনৈতিক মূল্য দিতে হয়, ভোট হারাতে হয়, জনপ্রিয়তা কমে যায়, সরকার পরিবর্তনের ঝুঁকি তৈরি হয়। কিন্তু বাংলাদেশে চিত্র উল্টো। এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাস্তব ও প্রতিদিনের হলেও রাজনৈতিক পরিণতি সীমিত। রাজনৈতিক দলগুলো জানে, জলবায়ু উপেক্ষা করলেও নির্বাচনে বড় ক্ষতির সম্ভাবনা কম। এই রাজনৈতিক বাস্তবতাই ব্যাখ্যা করে কেন ইশতেহারে জলবায়ু এখনো অগ্রাধিকারে আসেনি। সংকুচিত নাগরিক ও রাজনৈতিক পরিসর : শক্তিশালী চাপ সৃষ্টিকারী আন্দোলনের জন্য দরকার স্বাধীনভাবে সংগঠিত হওয়ার সুযোগ, নীতির সমালোচনা করার নিরাপত্তা এবং প্রতিশোধের ভয় ছাড়া কথা বলার পরিবেশ। বাংলাদেশে এই পরিসর সীমিত। ফলে জলবায়ু অ্যাডভোকেসি প্রায়ই ‘নরম’, ‘কারিগরি’ ও অরাজনৈতিক রয়ে যায়। সরাসরি রাজনৈতিক জবাবদিহি চাওয়ার বদলে জলবায়ু আলোচনাগুলো প্রকল্প, কর্মশালা ও সংলাপে সীমাবদ্ধ থাকে। চাপ সৃষ্টি হয় না, সেটি রূপ নেয় প্রকল্পে।
বাংলাদেশে জলবায়ু কার্যক্রমের বড় অংশ পরিচালিত হয় এনজিও ও দাতানির্ভর প্রকল্পের মাধ্যমে। এনজিওগুলো গুরুত্বপূর্ণ সেবা ও সহায়তা দিলেও এর সীমাবদ্ধতা রয়েছে। প্রকল্পভিত্তিক কাজের ফলে জবাবদিহি নাগরিকদের কাছে নয়, দাতাদের কাছে চলে যায়। ভাষা হয়ে ওঠে কারিগরি, রাজনীতি এড়িয়ে চলা হয়। ক্ষমতার কাঠামো যেমন ভূমি দখল, নদী দখল, জীবাশ্ম জ্বালানি সম্প্রসারণ, দুর্নীতি এসব ইস্যু সচরাচর এড়িয়ে যাওয়া হয়। এনজিও সেবা দেয়, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের জন্য চাপ তৈরি করে না। বাংলাদেশে প্রথমটি বেশি, দ্বিতীয়টি দুর্বল। দাতা-নির্ভরতা ও আত্মনিয়ন্ত্রণ : অনেক জলবায়ু সংগঠন বিদেশি অর্থায়ন, সরকারি অনুমোদন ও প্রকল্প অনুমতির ওপর নির্ভরশীল। এর ফলে আত্মনিয়ন্ত্রণ তৈরি হয়। রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যু এড়িয়ে যাওয়াই নিরাপদ বলে মনে হয়। ফলে জলবায়ু পরিবর্তন একটি মানবিক বা উন্নয়ন সমস্যা হিসেবে উপস্থাপিত হয়, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক রাজনৈতিক প্রশ্ন হিসেবে নয়। বাংলাদেশের জলবায়ু অ্যাক্টিভিজম প্রায়ই শহরকেন্দ্রিক, ইংরেজিভাষী ও নীতিনির্ভর। অথচ জলবায়ুর প্রকৃত ভুক্তভোগী কৃষক, জেলে, চরবাসী, বস্তিবাসী এই আন্দোলনের কেন্দ্রে নেই। যারা ভোগে এবং যারা কথা বলে এই দুইয়ের মধ্যে বিচ্ছিন্নতা রয়ে গেছে। গণভিত্তিক অংশগ্রহণ ছাড়া কোনো চাপ সৃষ্টিকারী আন্দোলন শক্তিশালী হতে পারে না। উন্নত দেশগুলোতে জলবায়ু ভোটার রয়েছে। গ্রিন পার্টি, পরিবেশবাদী লবি ও তরুণ ভোটাররা রাজনৈতিক সমীকরণ বদলে দেয়। ভোটের ঝুঁকি না থাকলে রাজনৈতিক প্রতিক্রিয়াও আসে না। জলবায়ু সংকট : সহায়তার বিষয় নয়, এখানে মুখ্য হলো ন্যায়বিচার। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ নিজেকে জলবায়ু ভুক্তভোগী দেশ হিসেবে তুলে ধরে লস অ্যান্ড ড্যামেজ, আন্তর্জাতিক সহায়তা, অর্থায়নের দাবি করে। এটি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও অভ্যন্তরীণ রাজনীতিতে ভিন্ন প্রভাব ফেলে। দেশের ভেতরে জলবায়ু বিষয়টি ‘সহায়তার’ প্রশ্ন হয়ে ওঠে, ‘অধিকার’ বা ‘ন্যায়বিচারের’ নয়। অথচ ইতিহাস বলে, ন্যায়ভিত্তিক আন্দোলনই রাজনৈতিকভাবে শক্তিশালী হয়।
১৯৬০-৭০ দশকে পরিবেশ ইস্যু রাজনৈতিক ইশতেহারে ছিল না। গ্রিন পার্টির উত্থানের মাধ্যমে ইউরোপে পরিবর্তন আসে। ১৯৯০-এর পর জলবায়ু ধীরে ধীরে মূলধারায় আসে। ২০১০-এর পর এটি অনেক দেশের ইশতেহারের কেন্দ্রবিন্দু হয়। কারণ একটাই জলবায়ু রাজনৈতিকভাবে উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশের এই অবস্থা স্থায়ী ব্যর্থতা নয়; এটি একটি রাজনৈতিক পর্যায়। জলবায়ুকে রাজনীতিকরণ, ভোট ও জীবিকার সঙ্গে যুক্ত করা এবং এনজিওকেন্দ্রিকতা থেকে গণআন্দোলনে রূপান্তর এই প্রক্রিয়া এখনো অসম্পূর্ণ। আমাদের দেশে কিছু সংস্থা ও ব্যক্তি আন্তর্জাতিক ও বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। তবে সীমিত অর্থায়ন, কার্যকর সমন্বয়ের অভাব, দুর্বল তদবির ও নীতি-প্রভাব সক্ষমতা, বাস্তবভিত্তিক ও প্রেক্ষিতনির্ভর জ্ঞানের স্বল্পতা এবং শক্তিশালী স্থানীয় নেতৃত্বের ঘাটতির কারণে এসব উদ্যোগ কাক্সিক্ষত প্রভাব সৃষ্টি করতে পারছে না। এর ফলে রাজনৈতিক দলগুলোকে তাদের দলীয় ইশতেহারে জলবায়ু ও পরিবেশগত এজেন্ডা অন্তর্ভুক্ত করতে প্রভাবিত করার জন্য যে প্রযুক্তিগত দক্ষতা, কৌশলগত সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক শক্তি প্রয়োজন তা অনেক ক্ষেত্রেই অনুপস্থিত থেকে যাচ্ছে।
বাংলাদেশে শক্তিশালী জলবায়ু চাপগ্রুপের অভাব সংকটের গভীরতা কম হওয়ার কারণে নয়, বরং ক্ষমতাকে চ্যালেঞ্জ করা কঠিন বলেই। দারিদ্র্য অংশগ্রহণ সীমিত করে, নাগরিক পরিসর সংকুচিত, দাতা-নির্ভরতা রাজনৈতিক চাপ দুর্বল করে এবং জলবায়ু এখনো ভোটের ইস্যু হয়ে উঠতে পারেনি। বাংলাদেশে তরুণ জলবায়ু কর্মীদের শক্তি, আবেগ ও সচেতনতা রয়েছে। কিন্তু রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের প্রবেশাধিকার সীমিত। ইশতেহার প্রণয়ন কমিটি ও নীতিনির্ধারণী ফোরামে তারা প্রায় অনুপস্থিত। মিছিল সচেতনতা তৈরি করে, কিন্তু ইশতেহার বদলায় রাজনৈতিক দরকষাকষি ও চাপের মাধ্যমে। কিন্তু সেই দিন খুব দূরে নয়। যেদিন তরুণরা জলবায়ু পরিবর্তনের নির্মম বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করে জেগে উঠবে, সুসংগঠিত হবে এবং জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের শক্তিতে রাজনৈতিক নেতাদের নির্বাচনের আগে পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়নে বাধ্য করবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়নও নিশ্চিত করবে। যেমনটি ঘটেছিল ২০১৯ সালের ডেনিশ সাধারণ নির্বাচনে যেখানে রাজনৈতিক দলগুলো ভোটার আকর্ষণ করতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মতো শক্তিশালী জলবায়ু নীতি উপস্থাপন করেছিল। একটি টেকসই ভবিষ্যৎ তখন আর শুধু উন্নয়ন প্রকল্প নয়; তা হবে একটি রাজনৈতিক অঙ্গীকার। বাংলাদেশের জলবায়ু আন্দোলনও ধাপে ধাপে সেই দিকে ধাবিত হচ্ছে যখন নাগরিক, তরুণ ও সামাজিক সংগঠন একত্রিত হয়ে রাজনীতি, ভোট ও নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত হবে। তখনই জলবায়ু সংকট কেবল মানবিক বা প্রকল্পভিত্তিক ইস্যু হিসেবে নয়, দেশের রাজনীতির মূল অঙ্গ হিসেবে স্বীকৃতি পাবে।
লেখক: জলবায়ুকর্মী ও কলাম লেখক