আর্থ প্রশাসনিক সংস্কার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ এএম

জনপ্রশাসনকে এখন আর শুধু প্রশাসনিক কাজে নিবেদিত নিষ্ঠাবান হিসেবে দেখার সুযোগ নেই। কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত মুখত প্রশাসন ও অর্থব্যবস্থাপনার মিশেল, পারস্পরিক ও মিথস্ক্রিয়ার ব্যাপার, এটি তার বিভিন্ন ডিসকোর্সে ফুটে ওঠে। সম্রাট অশোক বলি আর মুহম্মদ বিন তুঘলক, শেরশাহ কিংবা মোঘল সাম্রাজ্যে আবুল ফজলের বিদ্যা বাচস্পতিত্বে অর্থ ও প্রশাসনের সম্পর্ক অঙ্গাঙ্গি ছিল বলে, তাদের সময়কার প্রশাসনিক সাফল্যের চাইতে অর্থনৈতিক কর্মকাণ্ড বিষয় আশয় প্রাধান্য পেয়েছে ইতিহাসের পাতায়। সতেরোজন অশ্বারোহীর আচমকা উপস্থিতিতে, লক্ষণ সেন পালাতে বাধ্য হয়েছিলেন। তার প্রশাসনের অভ্যন্তরে ছিল ভঙ্গুর অর্থনীতি, প্রচ- দুর্নীতি ও দুর্বলতার কারণে, মোহাম্মদ বিন তুঘলকের যেসব কর্মকাণ্ড তার এবং প্রশাসনের ভরাডুবি ঘটিয়েছিল, তার অতি উৎসাহী পাগলামির উন্নয়ন বয়ানের কারণে। একই সঙ্গে তা হয়েছিল, রাজধানী দিল্লি থেকে দক্ষিণ পশ্চিম ভারতের দূরপ্রান্ত দেবগিরিতে স্থানান্তরের বিকেন্দ্রীকরণের বিতর্কিত ভূমিকার কারণে। ভারতে ব্রিটিশ প্রশাসন অর্থনৈতিক স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকলেও, তারা আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা ও জনকল্যাণ বা নাগরিক কল্যাণ কর্মকাণ্ডকে যতদূর সম্ভব পৃথকভাবে পরিপুষ্ট করতে পেরেছিল বলেই ১৯০ বছর তারা এদেশে একটানা শাসন ও শোষণ চালাতে পেরেছিল। আর যাই হোক, সে সময় একদলীয় শাসন, একদেশ দর্শী প্রশাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ার নির্বিচারে গুলি চালিয়েছিল। কিন্তু তাকেও বিচারের সম্মুখীন করতে কসুর করেনি তদানীন্তন সরকার। পাকিস্তানের সংসার থেকে বেরিয়ে আসতে বাংলাদেশকে অনেক রক্ত দিতে হয়েছিল সে তো পশ্চিম পাকিস্তানিদের অর্থনৈতিক বৈষম্য, অন্তর্ভুক্তির পরিবর্তে বিচ্যুতির কাফফারার কারণে। অর্থাৎ যখন অর্থনীতি ও প্রশাসন বড্ড কাছাকাছি চলে এসেছে এবং ভেদবুদ্ধির কারণে দুর্নীতি যখন দুঃশাসনের প্রতিভু হয়েছে তখন। মালয়েশিয়ার সংসার থেকে সিংগাপুর তিন তালাক দিয়ে বের হয়ে যেতে পেরেছে, টিংকু আবদুর রহমান এবং লি কুয়াং ইয়ান এর দূরদর্শী দৃষ্টিভঙ্গির কারণে এক ফোঁটা রক্ত না ঝরিয়েই। কারণ তারা অর্থনীতিকে প্রাধান্য দিলেও, প্রশাসনকে তাদের সঙ্গে গলাগলি করতে দেয়নি।

বাংলাদেশে ১৯৭২ সালে প্রফেসর মুজাফ্ফর আহমেদ চৌধুরীর নেতৃত্বে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস রিঅর্গানাইজিং কমিটি (এএসআরসি) ও মূল ফোকাস ছিল সার্ভিস স্ট্রাকচার, ১৯৭৬ (১৯৭৭) সালে এমএ রশীদের নেতৃত্বে পে অ্যান্ড সার্ভিস কমিশন (পিএসসি)-এর দায়িত্ব ছিল সার্ভিস স্ট্রাকচার অ্যান্ড পে ইস্যু; ১৯৮২ সালে ব্রিগেডিয়ার এনামূল হকের নেতৃত্বে (এনাম কমিটি) বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরের সাংগঠনিক কাঠামো পরীক্ষা পর্যালোচনা করে। এরপর ১৯৮৩ সালে রিয়ার এডমিরাল এমএ খানের নেতৃত্বে কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন /রিফর্ম (সিআরআর) রিঅর্গারনাইজেশন অব সাব ন্যাশনাল লেভেল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে প্রতিবেদন পেশ করে। ১৯৯৩ (১৯৯৫) সালে কর্নেল (রিটায়ার্ড) ওয়ালী আহমেদ এমপির নেতৃত্বে কেবিনেট কমিটি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, ১৯৯৮ সালে (সামসুল হক কমিটি) প্রশাসক সংস্কারের প্রতিবেদন প্রণয়ন ও পেশ করেছিলেন। ১৯৭০-১৯৮৪ সময়কালে প্রশাসনিক সংস্কার ১৯৭৩ ও ১৯৭৬ সালে গৃহিত মন্ত্রী/উপদেষ্টা পরিষদে গৃহীত সংস্কার অনুযায়ী অনুসৃত হয়েছিল। ১৯৮৪ সালে রিঅর্গানাইজেশন ল এনাম কমিটির সংস্কার ছিল মূলত লোকবল প্রমিতকরণ, মন্ত্রণালয়গুলোর সাংগঠনিক স্তম্ভ নির্মাণ ও প্রক্রিয়াকরণের কাজ। এটি যথাযথভাবে অনুসৃত হয়েছিল ১৯৯৯-২০০০ সাল অবধি। কিন্তু শামসুল হক কমিটির, না প্রতিবেদন না কার্যক্রম ও তার দর্শন পরবর্তীকালে অনুসরণের উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

১৯৯৬ সালে জনতার মঞ্চ গঠন, যেখানে কর্মরত সিভিল সার্ভিসদের সশরীরে ও ভাবগতভাবে উপস্থিতির মাধ্যমে সিভিল সার্ভিসের তথ্য জনপ্রশাসনের ‘ঘরের বাহির’ হওয়ার সংস্কৃতির উদ্ভব ঘটে। এখান থেকে প্রশাসন দলীয়করণের খপ্পরে পড়া শুরু হয়। শুরু হয় একেক সরকারের আমলে হিরো ও জিরোকরণ প্রক্রিয়া। ১৯৯৬-২০০৬ সাল পর্যন্ত সময়ে সরকার ও সরকার বিরোধীপন্থি হওয়ার প্রতিযোগিতা ও পরস্পরের অপসারণের প্রক্রিয়া শুরু হয়। ২০০১-২০০৬ সালে বিরোধী পক্ষের কর্মকর্তাদের ওএসডি ও বাধ্যতামূলক অপসারণ- অবসর দেওয়ার পরিমাণ আকার ও ব্যাপ্তি বাড়তে থাকে ২০০৯-২০২৪ সালে একটানা ১৫ বছর এক সরকার ক্ষমতায় থাকায়। এ সময় প্রায় ১৪০০ উচ্চ-মধ্য পর্যায়ের কর্মকর্তাকে বিপক্ষীয় ট্যাগ লাগিয়ে ওএসডি এবং অবসর প্রদান করা হয়। এদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হয় এবং ওএসডি হিসেবে ১০-১১ বছর চাকরিকাল শেষ করে তারা অবসরে যান। এ সময় প্রায় ২৫% কর্মকর্তাকে পদোন্নতিবঞ্চিত রাখা হয়। জনপ্রশাসনে মেধাশূন্য করার ক্ষেত্রে, সুকৌশলে প্রণীত এই প্রথা সম্ভবত ইতিহাসে বিরল। ওএসডি, বাধ্যতামূলক অবসর ও পদোন্নতিবঞ্চিত করে দলীয় অফিসারদের মুহুর্মুহু পদোন্নতি পুনর্বাসন করা হয়। স্থলাভিসিক্তকরণসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সব ঊর্ধ্বতন পদগুলোর শক্তি ৪-৫ গুণ বাড়িয়ে পদোন্নতির পথ সুগম করা হয়। কিন্তু কাজের পরিধি একই থাকায়, অধিকাংশ অফিসারকে ইনসিটো করা হয়। উপসচিবের ডেস্কে যুগ্ম সচিব এমনকি অতিরিক্ত সচিবকে বসে কাজ করতে হয়। কাজের মান না বাড়লেও, তাদের শুদ্ধাচার ও সুশাসন পদক দিয়ে হালাল করা হয়। মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজ ও দায়িত্ব রুলস অব বিজনেসে লেখা থাকে ও প্রতি বছর সংস্থাপন মন্ত্রণালয়ের সঙ্গে মন্ত্রণালয়/বিভাগগুলোর মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করা হয়। সচিব বিভাগীয় কমিশনারদের সেরা কর্মসম্পাদনকারী হিসেবে পদক ও সনদ প্রদান করা হয়। অনুগত ও বশংবদ পুলিশ বাহিনীর কর্মকর্তাদের পুলিশ পদক বিতরণের হিড়িক পড়ে। সরকারের দুর্নীতি দমন সহায়তাকারী মন্ত্রণালয় প্রধানদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এমনকি বিদেশি ভালো/লোভনীয় পদে এমনকি তাদের সংসদে ঠাঁই দিয়ে মন্ত্রী মর্যাদায় আনার লোভ বিতরণ করা হয়। এমনকি ট্যাগ লাগিয়ে অফিসারদের ওএসডি করে কর্মরতদের সামনে অযৌক্তিকভাবে হলেও সরকারের আনুগত্য প্রকাশে বাধ্য করা হয়। জনপ্রশাসনের মধ্যে আনুগত্য প্রদর্শন, অন্ধ অনুসরণ ও তোষামোদিতার এক অদ্ভুত অভিনব এবং অদম্য সংস্কৃতি চালু হয়। যা জনপ্রশাসনের ভাব-গাম্ভীর্য, নিরপেক্ষতা ও নিষ্ঠাকে নানান প্রশ্নের সম্মুখীন করে। ফলে খোদ জনপ্রশাসন বিভেদ এবং বৈষম্য প্রকট আকার ধারণ করে।

বিগত বছরগুলোতে দেশে ব্যাংক ও ব্যাংকের শাখা অনেক বেড়েছে। আর্থিক সেবা প্রদানের হার বেড়েছে দুই-তিন গুণ। তবে দেশের মোট জনসংখ্যা ও পরিধির তুলনায় আর্থিক সেবা প্রদানের হার পর্যাপ্ত নয়। ক্ষুদ্রঋণের সঙ্গে সম্পৃক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিধি কিছুটা বাড়লেও ব্যাংকিং কাঠামোয় মানুষকে সেবা দেওয়া পুরোপুরি সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে সব আর্থিক খাতকে ব্যাংকিং কাঠামোয় সেবা বাড়াতে মনোযোগী হওয়া দরকার ছিল বা আছে। যদিও অনেকের ধারণা, আমাদের আর্থিক সেবা প্রদানের হার অনেক বেড়েছে। কিন্তু দেশে পাঁচ হাজারের বেশি অধিক ইউনিয়নের তুলনায় ৫৫টি ব্যাংকের মোট শাখা নয় হাজার। শহরকেন্দ্রিক ব্যাংকের শাখা বেশি হওয়ায়, অনেক ইউনিয়নে কোনো ব্যাংকের শাখা নেই। প্রতিটি ইউনিয়নে ৭০০-৮০০ পরিবার বাস করলেও একটি বা দুটি বেশি ব্যাংকের সেবা তারা পাচ্ছে না। তাই আর্থিক সেবার যথেষ্ট ঘাটতি রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম পূর্বশত হলো, অর্থায়নের প্রবৃদ্ধি। ঋণ, সঞ্চয় ও বীমার মাধ্যমে আর্থিক সেবা বৃদ্ধির মাধ্যমে অর্থায়নের প্রবৃদ্ধি ঘটাতে হয়। দেশে ব্যাংকের সংখ্যা ও শাখা বাড়লেও, ব্যাংকের সঙ্গে সামগ্রিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ছে না। বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং, পথশিশুদের ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং ও ১০ টাকায় কৃষকের ব্যাংক হিসাব খোলার মাধ্যমে নতুন নতুন পদক্ষেপ নিলেও, তা খুব একটা সফলতা দেখাতে পারেনি। দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে মাত্র ৯ শতাংশ ব্যাংক থেকে ঋণসেবা নেয়, সঞ্চয় ও অন্যান্য সেবাসহ যা ৫৪ শতাংশ। এর মধ্যে অধিকাংশই পেশাজীবী, উচ্চবিত্ত ও শিক্ষিত জনগোষ্ঠী। শ্রমিক শ্রেণির মধ্যে মাত্র ২৫ শতাংশ ব্যাংকিং সেবার সঙ্গে যুক্ত। তবে গ্রামীণ ব্যাংকসহ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ছে। দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার জন্যই অর্থায়ন আবশ্যক। এক্ষেত্রে ঋণগ্রহীতাদের কাজের ক্ষেত্র, ব্যবসা প্রসারের কৌশল ও কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ জরুরি। আমাদের এখানে আর্থিক সেবা সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে। আর্থিক সেবায় নতুন নতুন পণ্য অর্থাৎ সেবার বৈচিত্রায়ণে নজর দেওয়া দরকার। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আর্থিকভাবে সচ্ছল অঞ্চলে ব্যাংক হিসাবধারীর সংখ্যা বেশি এবং অপেক্ষাকৃত দারিদ্র্যপ্রবণ এলাকায় তা আরও কম। এ অবস্থায় ব্যাংকগুলোকে নতুন গ্রাহক বাড়াতে উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে দৃষ্টি রাখতে হবে ব্যাংকের সেবা নেন না, এমন গ্রাহকদের প্রতি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিস্তৃতি ঘটাতে হবে অপেক্ষাকৃত দারিদ্র্যপ্রবণ এলাকায়। ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, তাদের কার্যক্রমের ফলে আর্থিক সেবা গ্রাহণের হার তেমন বাড়ছে না।

কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপের ফলে আর্থিক অন্তর্ভুক্তিতে সাফল্য দাবি করা হলেও, সেবার বিস্তৃতি কাক্সিক্ষত মাত্রায় হচ্ছে না। অধরা এ সাফল্যকে ছুঁতে নানা উদ্যোগ নেওয়ার পরামর্শ আসছে সংশ্লিষ্টদের কাছ থেকে। ব্যাংকগুলোর শহর ও গ্রামে শাখা খোলার নিয়ম অনেক সময়ই মানা হচ্ছে না। তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলোও এ অনুপাত মানছে না। কেন অধিক সংখ্যক মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা যাচ্ছে না বা এক্ষেত্রে ব্যাংকগুলোর দুর্বলতা কোথায়, তাও খতিয়ে দেখা প্রয়োজন। আর্থিক খাতের সুফল ও সংশ্লিষ্ট সেবা- সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া গেলে, সম্পদ বণ্টন থেকে শুরু করে অন্যান্য কাজও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে। এতে অর্থনীতির গতি বাড়বে, যা প্রকারান্তরে প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি ক্রমেই যেভাবে অবনতি হচ্ছিল তা থামানো যাচ্ছে না। লক্ষ্যমাত্রা অনুযায়ী অনাদায়ী ও খেলাপি ঋণ আদায় হচ্ছে না। ফলে মূলধন ঘাটতিসহ নানামুখী সমস্যায় পড়ছে সোনালী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-বিডিবিএলসহ সরকারি মালিকানার সব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তৈরি করা প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাংকগুলো শীর্ষ ঋণখেলাপির কাছ থেকে ঋণ আদায় করতে পারছে বলে প্রতীয়মান হয় না। এ ছাড়া ব্যাংকগুলোর লোকসানি শাখা বেড়েই চলেছে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে করা পারফরম্যান্স কনট্রাক্টে দেওয়া প্রতিশ্রুতিও অর্জন করতে পারছে না অধিকাংশ ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো। ফলে বেড়ে যাচ্ছে খেলাপি ঋণ। সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে টাকা উধাও হয়ে যাওয়া, সাগর চুরি শুধু ব্যাংকগুলোকে নয় গ্রাহক, শিল্পোদ্যোক্তাসহ গোটা অর্থনীতিকে পথে বসিয়েছে। 

লেখক: অর্থনীতির বিশ্লেষক

[email protected] 

সর্বশেষ সর্বাধিক পঠিত