অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার ভালোবাসার বার্তা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

বলিউডের আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে ঘিরে দীর্ঘদিন ধরেই দাম্পত্যকলহ ও বিচ্ছেদের নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বাস্তবে সেই জল্পনাকে যে তারা গুরুত্ব দিচ্ছেন না, অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার প্রকাশ্য ভালোবাসার বার্তায় আবারও তার ইঙ্গিত মিলেছে। 

গত বুধবার (৪ ফেব্রুয়ারি) ৪৯ বছরে পা রাখেন অভিষেক বচ্চন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর শৈশবের একটি ছবি শেয়ার করেন ঐশ্বরিয়া। ছবিতে দেখা যায়, ছোট্ট অভিষেক গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন, মুখে নিষ্পাপ হাসি। নস্টালজিয়ামাখা সেই ছবির সঙ্গে একটি আবেগঘন শুভেচ্ছাবার্তাও যোগ করেন তিনি।

পোস্টে ঐশ্বরিয়া লেখেন, ‘শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা আর আলোয় ভরে উঠুক তোমার জীবন। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’ সংক্ষিপ্ত হলেও বার্তাটিতে ছিল গভীর আন্তরিকতা, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

উল্লেখ্য, সম্প্রতি এই দম্পতির একমাত্র কন্যা আরাধ্য কৈশোরে পা দিয়েছে। সম্পর্ক ভাঙনের গুঞ্জনের মধ্যেই মেয়ের জন্মদিনে একসঙ্গে দেখা গেছে অভিষেক ও ঐশ্বরিয়াকে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে তাদের হাসিখুশি ও স্বাভাবিক উপস্থিতিও ক্যামেরাবন্দি হয়েছে।

গত বছর থেকেই এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে নানামুখী গুজব ছড়ায়। কখনো পারিবারিক সম্পত্তি নিয়ে মতবিরোধ, কখনো সহ-অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের জল্পনা—সব মিলিয়ে আলোচনা কম হয়নি। এমনকি ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে আলাদা থাকছেন বলেও খবর রটে।

তবে অভিষেকের জন্মদিনে ভালোবাসায় ভরা এই প্রকাশ্য বার্তায় সেই সব গুঞ্জনের ওপর কার্যত ইতি টানলেন ঐশ্বরিয়া। বাস্তব যে গুজবের চেয়ে ভিন্ন—সে কথাই যেন নতুন করে মনে করিয়ে দিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত