দলীয় আদর্শ ও নৈতিকতায় উদ্বুদ্ধ হয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বকশীগঞ্জ পৌর শহরের সিমারপাড় এলাকায় উপজেলা জামায়াত কার্যালয়ে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদীর হাত ধরে তাঁরা যোগদান করেন।
জামায়াতে যোগদানকারীরা হলেন, মেরুচর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মুনাহার আলী, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালামত উল্লাহ, বগারচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুর রহমান এবং মেরুচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাবুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলের দুই শতাধিক নেতা-কর্মী যোগ দেন।
পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী।
যোগদানকারী কয়েকজন নেতা বলেন, দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমাদের মনে হয়েছে, এ দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে সঠিক ভূমিকা রাখছে। সেই লক্ষ্য থেকেই আমরা যোগদান করলাম।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু নেতাসহ বিভিন্ন দলের কর্মীরা দলীয় নীতি ও আদর্শে উজ্জীবীত হয়েই জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে বিকালে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। পরে নবাগতদের রজনীগন্ধা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামালপুর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা নাজমুল হক সাঈদীর ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা নাজমুল হক সাঈদী, ইলিয়াস হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল (আরমান), উপজেলা এনসিপির আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান মানিক এবং পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিনসহ অনেকেই বক্তব্য দেন।
এ সময় বক্তরা বলেন, দলের নীতি আদর্শে উজ্জীবীত হয়ে তারা যোগদান করছেন। মানুষ এখন নৈতিক রাজনীতির দিকে ঝুঁকছে। এই যোগদান আমাদের সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে।
এ অনুষ্ঠানে উপজেলা-ইউনিয়ন জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
