আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতামূলক তৎপরতা রোধে চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে একজনকে আটক করা হয়েছে, যার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তির নাম জামির উদ্দিন (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পুলিশের তালিকাভুক্ত অপরাধী।
সেনা সূত্রের ভাষ্য অনুযায়ী, গোপন গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে—এমন একজন ব্যক্তি নিজ এলাকায় অবস্থান করছে। তথ্য যাচাই ও বিশ্লেষণের পর বাঁশখালী আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান শুরু করে।
অভিযান চলাকালে বাহারছড়া ইউনিয়নের একটি স্থানীয় দোকানের সামনে থেকে জামির উদ্দিনকে আটক করা হয়। পরে তাকে তার নিজ বসতবাড়িতে নিয়ে তল্লাশি চালানো হলে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি তাজা গুলি এবং একটি রামদা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা ঠেকাতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান অব্যাহত রাখা হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনীর তৎপরতা চলমান থাকবে।
আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনায় বস্তিতে হামলায় প্রাণ গেল বৃদ্ধের