ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ এএম

যমুনা এলাকায় শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নেতৃত্ববৃন্দের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রায়সাহেব বাজার ঘুরে বিশ্বজিৎ চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবিদাওয়া তুলে ধরেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তারা। এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘জুলাইয়ে হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘পুলিশ লীগের সংস্কর, এ মুহুর্তে দরকার’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘আমাদের মাধ্যমে ক্ষমতায় যাওয়া সরকার আমাদের ওপর গুলি করেছে। এ সরকার আমাদের নয়। আবার যদি কোন ভাইবোন পুলিশ গুলিতে আহত হয় আমরা পুলিশ লীগকে দেখে নিব। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা হাসিনাকে সরিয়েছি৷ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো পুলিশসংস্কার গঠন করা কিন্তু সেটা করা হয়নি।’

জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ‘এক জুম্মাবার আমার ভাই হাদিকে হত্যার পর পুলিশলীগ আরেক জুম্মায় আমাদের ওপর আঘাত করেছে। আমরা আর মার খেতে চাই না। আমরা দেখিছি জুলাইয়ে কিভাবে পুলিশ হামলা করেছে। আমরা পুলিশের সংস্কার চাই।’

সমাবেশে আরও বক্তব্য দেন জকসুর সহসভাপতি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে আবেদন করেছিলাম জুলাই গনঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িত পুলিশদের বহিষ্কার করে নতুন করে শিক্ষার্থীদের নিয়োগ দিতে। পুলিশ সবসময় শিক্ষার্থীদের ওপর হামলার সময় সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়। শুধু শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে তারা গুলি চালাতে পারে। আমরা এদের সংস্কার চাই।’

সমাবেশ শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত