মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতলী গ্রামে বিএনপির একটি নির্বাচনী অফিসের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আমতলী মেহেরপুর-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী আমজাদ হোসেনের নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আমতলী গ্রামের জগত আলীর চায়ের দোকানের সঙ্গে সংলগ্ন ওই নির্বাচনী অফিসের বাইরে দেয়ালের পাশে ব্যানারের নিচে লাল কস্টেপে মোড়ানো দুইটি কৌটায় তৈরী বোমা কে বা কারা রেখে যায়। সকালে অফিস খুলতে গিয়ে বোমা দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বোমা দুটি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, পুলিশ উদ্ধারকৃত বোমা দুইটি নিস্ক্রিয় করতে পানি ভর্তি বালতিতে চুবিয়ে রেখেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
গাংনী ষোলটাকা ইউনয়িনের সাবেক ইউপি চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেতা মনিরুজ্জামান বলেন, এলাকাটিতে দলের ভোটার বেশি। মূলত এই ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য কেউ বোমা দুইটি রেখে গিয়েছিল। পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে কারা এর পেছনে দায়ী।
