জনতার দলের নেতাকে মারপিটের অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

লালমনিরহাটে মব সৃষ্টি করে জনতার দলের এক নেতাকে মারপিট ও হয়রানির অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় নির্বাচন ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে জনতার দল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জনতার দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, লালমনিরহাট-২ আসনের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পাটিকাপাড়া গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে জনতার দলের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন দলগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বাবুল। এ সময় বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুলের নির্দেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করেন।

অভিযোগে বলা হয়, টাকা দিয়ে ভোট কেনার মিথ্যা অভিযোগ তুলে রবীন্দ্রনাথ বাবুলকে ঘিরে মব সৃষ্টি করা হয় এবং তাকে বেধড়ক মারপিট করা হয়। পরে তাকে পুলিশ ও বিজিবির কাছে সোপর্দ করা হয়।

জনতার দলের চেয়ারম্যান আরও অভিযোগ করেন, দু'জন স্থানীয় নারীকে মিথ্যা সাক্ষী বানিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রবীন্দ্রনাথ বাবুলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি সঠিকভাবে তদন্ত না করেই প্রশাসন একটি সাজানো ঘটনার ভিত্তিতে রায় দিয়েছে, যা নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মবের শিকার জনতার দলের নেতা রবীন্দ্রনাথ বাবুল, নির্বাচনী এজেন্ট মোজাম্মেল হকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত