কাবুলে খেলাই বিশ্বকাপের চেয়েও বড় স্বপ্ন রশিদ খানের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

কাবুলে একদিন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারাকেই নিজের ও দলের জন্য বিশ্বকাপের চেয়েও বড় স্বপ্ন বলে মনে করেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।

শনিবার সাংবাদিকদের রশিদ বলেন, কাবুলে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তার কাছে বিশেষ এক অর্জন হবে। তার ভাষায়, “সত্যি বলতে আমার ও দলের জন্য এটা বিশ্বকাপের চেয়েও বড় ব্যাপার। তখন পুরো বিশ্ব দেখবে আফগানিস্তানের মানুষ কেমনভাবে ক্রিকেট উপভোগ করে এবং অতিথি দলকে স্বাগত জানায়।”

রশিদ আরও বলেন, নিজের দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা কেবল স্বপ্ন নয়, তার চেয়েও বেশি কিছু। “নিজের দেশে খেললে অনুভূতিটাই আলাদা। তখন বিশ্ব আফগানিস্তানকেও নতুনভাবে দেখবে—দেশটা কত সুন্দর, সেটাও সবাই জানতে পারবে।”

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এখনো পর্যন্ত কখনো নিজেদের দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি। ফলে নামমাত্র ‘হোম ম্যাচ’ খেলতে তাদের ভরসা করতে হয় ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মাঠে।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে রবিবার ভারতের চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ খান। ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনালে ওঠা আফগানিস্তান এবার পড়েছে কঠিন গ্রুপে। গ্রুপ ‘ডি’-তে আফগানিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। গত আসরে তারা  নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত