নটর ডেম বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া দিবস অনুষ্ঠিত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রিড়া দিবস-২০২৬। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিড়া দিবসের উদ্বোধন করেন দৈনিক সমকাল-এর সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। এতে তিনি ১৯৫৪ সালে রজার ব্যানিস্টারের চার মিনিটের কম সময়ে এক মাইল দৌড়ের ঐতিহাসিক সাফল্যের কথা তুলে ধরেন। এসময় তিনি বলেন, খেলাধুলা মানসিক বাধা দূর করার অন্যতম শক্তিশালী হাতিয়ার। খেলাধুলার মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে ওঠে, আর আত্মবিশ্বাস বাড়লেই মানুষ নতুন নতুন সীমা অতিক্রম করতে পারে। কেননা, আমাদের সীমা স্থির নয়। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং ছোট ছোট পরিবর্তনকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তার ভাষায়, “আমরা এগিয়ে গেলে সমাজ এগোবে, দেশ এগোবে।”

এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও এনডিইউবি পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়ানো হয়।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান মানে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি এমন একটি স্থান যেখানে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমসহ সবকিছু মিলেই একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে ওঠে। তিনি বলেন, খেলাধুলা একটি সামাজিক অনুশীলন, আর এটি শৃঙ্খলা, দলগত কাজ এবং বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার শিক্ষা দেয়। এসময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে আনন্দ খুঁজে নেওয়া এবং একসঙ্গে কাজ করার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বক্তব্য শেষে খেলোয়াড়রা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ান। এরপর পর্যায়ক্রমে গত বছরের সেরা খেলোয়াড় অর্ণিকা পিউরিফিকেশনের মশাল প্রজ্বলন এবং আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাকিমুর রহমানের নেতৃত্বে শপথ গ্রহণের মাধ্যমে ক্রিড়া প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়।

পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় প্রেমিক ত্রিপুরা ও আনা মারিয়া যথাক্রমে ১১ ও ১০ পয়েন্ট অর্জন করে এবছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি-এর ধন্যবাদ জ্ঞাপন ও র‌্যাফেল ড্র-এর পর বিকেলে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত