আত্মঘাতী গোলে নিহত সেই এসকোবারের খুনীও নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

১৯৯৪ ফুটবল বিশ্বকাপে কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত বলে যাঁর নাম উঠে এসেছিল, সেই সান্তিয়াগো গায়োন নিহত হয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেত্রো জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত বলে পরিচিত সান্তিয়াগো গায়োনকে হত্যা করা হয়েছে। তাঁর দাবি, এসকোবার হত্যাকাণ্ডের সঙ্গেও গায়োন জড়িত ছিলেন। পেত্রোর ভাষায়, ওই হত্যাকাণ্ড কলম্বিয়ার আন্তর্জাতিক ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছিল।

মেক্সিকোর স্টেট প্রসিকিউটর দপ্তর জানায়, মেক্সিকো সিটির উপকণ্ঠ হুইক্সকিলুকানে বুধবার একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, যা গায়োনের বলে ধারণা করা হচ্ছে। মরদেহটির পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা চলছে।

১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে আত্মঘাতী গোল করার কয়েক দিনের মধ্যেই মেডেলিনে একটি ডিস্কোর বাইরে গুলিতে নিহত হন কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। ওই ঘটনায় গায়োনের গাড়িচালক হাম্বের্তো মুনিওস কাস্ত্রোকে গ্রেপ্তার করা হয়। এসকোবারকে নিয়ে কটূক্তির জের ধরে তিনি গুলি চালান বলে তদন্তে উঠে আসে।

মুনিওস কাস্ত্রো হত্যার দায় স্বীকার করলেও ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। শক্তিশালী একটি কলম্বীয় মাদকচক্রের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেও জানা যায়। আদালতে দোষী সাব্যস্ত হয়ে শুরুতে তাঁর ৪৩ বছরের কারাদণ্ড হয়। তবে বাস্তবে তিনি কারাভোগ করেন মাত্র ১১ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত