বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো দুই দিনব্যাপী রোবো কার্নিভাল। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বুয়েটে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। প্রতিযোগিতায় মোট ৭টি ভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা তাদের মেধা প্রদর্শন করেন। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও বুয়েট রোবটিক্স সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবারের আসরে প্রতিটি ক্যাটাগরিতে ৩জন করে বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো. বদরুজ্জামান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ বি এম হারুন অর রশিদ ও অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বুয়েট উপাচার্য বলেন, বুয়েট সবসময় দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে কাজ করছে। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য গবেষণার এই সুযোগ বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের ভিত্তি আরও মজবুত করবে। তিনি আরও বলেন, সরকার, বুয়েট অ্যালামনাই এবং অন্যান্য দাতা সংস্থাগুলো এভাবে এগিয়ে আসলে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য বয়ে আনবে এবং বাংলাদেশকে প্রযুক্তি অঙ্গনে এগিয়ে নিয়ে যাবে। বিপিডিবি চেয়ারম্যান তরুণদের উদ্ভাবন দেখে মুগ্ধতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের বাস্তব সমস্যা সমাধানে এই রোবো বা অটোমেশন প্রযুক্তি দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। ইন্ডাস্ট্রি ও বুয়েটের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
