আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনও কোনও রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের মাঠে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুদ হচ্ছে। নির্বাচন কমিশনের উচিৎ এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া। অনেক প্রার্থীরা উঠান বৈঠকে ভোটারদের হুমকিও দিচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের তেমন কোনও পদক্ষেপ দেখছি না।
তিনি আরও বলেন, বিএনপির ইশতেহারে উচ্চকক্ষের বিষয়ে প্রতারণা করা হয়েছে। গণভোটে হ্যাঁ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি ক্ষমতায় এলে বিগত ফ্যাসিবাদের বিচার হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে অভিযোগও করেন তিনি।
