রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আজিম (২৭) নামে ডেইরি ফার্মের এক কর্মচারী আহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রবাড়ী কোনাপাড়া মিনি কক্সবাজারের পাশে মাঠে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে জোসনা ডেইরি ফার্মের মালিক শফিকুল ইসলাম সাদেক জানান, আজিম তার জোসনা ডেইরি ফার্মের কর্মচারী। বিকেলে ফার্মের পাশে একটি মাঠে ঘাষ কাটতে যান তিনি। কাঁচি দিয়ে ঘাস কাটার সময় কাঁচির আঘাতে বলের মতো একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে আজিমের বাম হাতের তালু ক্ষত-বিক্ষত হয়ে যায় ও বাম পায়ের রানে আঘাত লাগে। সংবাদ পেয়ে দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে সেটি পরিত্যক্ত কোনো ককটেল ছিল। যেটা কাঁচির আঘাতে বিস্ফোরণ হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত হয়ে এক ব্যক্তি হাসপাতালে এসেছেন। তার বাম হাতের তালু ক্ষত-বিক্ষত হয়ে গেছে। জরুরি বিভাগে চিকিৎসা শেষে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
