ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, ১২ তারিখ নির্বাচন। বারো তারিখের পর জাতীয়তাবাদী দলের কেউ সন্ত্রাসী ও চাঁদাবাজি করতে চাইলে সেটা আমার লাশের ওপর দিয়ে করতে হবে। আপনাদের জিম্মাদারি আমার, আপনারা একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন। আমি যদি আপনাদের দেওয়া কথা না রাখতে পারি আমাকে আর ভোট দিয়েন না। শুধু একবার সুযোগ দিয়ে দেখুন।
নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ঈশ্বরগঞ্জের উন্নয়ন করতে হলে অপকর্ম, চাঁদাবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজে জড়াতে দেব না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে মাজেদ বাবু বলেন, আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর দয়ায় এবং আপনাদের সমর্থনে এমপি হলে ঈশ্বরগঞ্জ আর কোন নেতাদের কথায় চলবে না। ঈশ্বরগঞ্জ চলবে জনগণের কথায়। জনগণের সঙ্গে আলোচনা করেই সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চলনায় নির্বাচনী জনসভা পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, মো. আহসান পারভেজ, শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, মো. সাইফুল ইসলাম চকদার ঝুলন। পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক ও সদস্য সচিব মো. নূরে আলম জিকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল, মো. জহিরুল ইসলাম সুজন, মো. হায়দার আলীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
