দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক স‌ম্মেলন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম—এমন অভিমত উঠে এসেছে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে। বক্তারা বলেন, উত্তেজনাপূর্ণ ভূ-রাজনৈতিক বাস্তবতায় সাংবাদিকতার দায়িত্বশীল চর্চাই পারে ভুল বোঝাবুঝি কমিয়ে আঞ্চলিক সংলাপ ও স্থিতিশীলতার পথ সুগম করতে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভারতের ভারতী বিদ্যাপীঠ এডুকেশনাল কমপ্লেক্সের নতুন দিল্লি ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের বিষয় ছিল ‘দক্ষিণ এশীয় দেশগুলোতে শান্তি রক্ষা ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা’ (Role of Journalism in Peace Making and Cooperation in South Asian Countries)। সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজিএফ) ইন্ডিয়া চ্যাপ্টারের সহযোগিতায় আয়োজিত এ আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিক, গবেষক, মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদরা অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ভারতী বিদ্যাপীঠের পরিচালক ও বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. এম হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল আবদুর রহমান, ইন্ডিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট ড. অনিরুদ্ধ শুধাংশু, সদস্য ড. স্মিতা মিশ্র এবং বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট আসিফ হাসান নবী। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দিল্লি বিশ্ববিদ্যালয় ও ভারতী বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীরা সম্মেলনে অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট আসিফ হাসান নবী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মিল থাকা সত্ত্বেও আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক বর্তমানে কার্যত স্থবির অবস্থায় রয়েছে। এই অচলাবস্থা কাটিয়ে উঠতে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আসিফ হাসান নবী আরও বলেন, দক্ষিণ এশিয়ায় সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শান্তি নির্মাণ ও জনমত গঠনের একটি শক্তিশালী হাতিয়ার। দায়িত্বহীন সংবাদ পরিবেশন যেমন উত্তেজনা ও বিভ্রান্তি ছড়াতে পারে, তেমনি দায়িত্বশীল সাংবাদিকতা পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করে সংলাপ ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে পারে।

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, ভুয়া খবর ও অপপ্রচার এখন আঞ্চলিক শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে তথ্য যাচাই, সাংবাদিকতার নৈতিকতা রক্ষা এবং সংযত ও দায়িত্বশীল ভাষা ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাংবাদিকদের মধ্যে নিয়মিত সংলাপ ও পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে। সম্মেলন থেকে পিস জার্নালিজম চর্চা সম্প্রসারণ এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত