আন্দামানে ডুবল বাংলাদেশগামী তেলবাহী জাহাজ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে যাত্রাপথে একটি পানামার পতাকাবাহী মালবাহী জাহাজ ডুবে গেছে। থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছাকাছি এ দুর্ঘটনার পর সমুদ্রে ব্যাপক তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে, যা পরিবেশগত উদ্বেগ সৃষ্টি করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফুকেটের লায়েম প্রোমথেপ এলাকা থেকে প্রায় তিন মাইল দূরে ‘সিলয়েড আর্ক’ নামের জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৬ জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে থাই সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার ৩৩৯ টন ধারণক্ষমতার জাহাজটি ২৯৭টি কনটেইনার নিয়ে বাংলাদেশে আসছিল। যাত্রাপথে হঠাৎ জাহাজে পানি ঢুকে পড়লে এটি ভারসাম্য হারিয়ে নিমজ্জিত হয়।

দুর্ঘটনার পর থাই নৌ ও উদ্ধারকারী বাহিনী দ্রুত অভিযান চালিয়ে ক্রুদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক রয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

জাহাজডুবির ফলে সমুদ্রে প্রায় ৪ দশমিক ৫ মাইল দীর্ঘ ও ১ মাইল প্রশস্ত এলাকায় তেলের স্তর ছড়িয়ে পড়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, জাহাজে থাকা কনটেইনারগুলোর মধ্যে ১৪টিতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছিল। পরিস্থিতিকে ‘বৃহৎ সংকট’ হিসেবে আখ্যা দিয়েছে থাই কর্তৃপক্ষ।

পরিবেশগত ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার স্থাপন করেছে থাইল্যান্ড। আকাশপথে নজরদারি চালিয়ে তেলের বিস্তার পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত ফুকেটের মূল উপকূলে তেল পৌঁছানোর তথ্য না মিললেও, সমুদ্রে ভাসমান রাসায়নিকবাহী কনটেইনারগুলো সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

বাংলাদেশগামী জাহাজটিতে আমদানিকৃত পণ্য থাকায় দেশের বাজারে সম্ভাব্য প্রভাবের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট আমদানিকারকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাই সামুদ্রিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার ও সমুদ্র পরিষ্কার অভিযান চালিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত