প্রচারণার শেষ দিনে তুরাগে জাহাঙ্গীরের গণসংযোগ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

প্রচারণার শেষ দিনেও নির্বাচনি মাঠে ব্যাপক সরব উপস্থিতি দেখা গেছে ঢাকা-১৮ আসনের তুরাগ থানায়। সকাল থেকেই রানাভোলা, ধউরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে কয়েক হাজার দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল আকারে বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন তারা। ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো তুরাগ এলাকা।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। ব্যান্ড পার্টির ঢোল ও বাদ্যের তালে তালে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মিছিলের সঙ্গে সঙ্গে যোগ দেন পথচারী ও স্থানীয় বাসিন্দারাও।

এ সময় বিভিন্ন স্থানে স্থানীয় জনগণ প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে ফুলের তোড়া উপহার দেন এবং ভালোবাসার প্রতীক হিসেবে ফুল ছিটিয়ে দেন। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। গণসংযোগে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়রা জানান, এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। তার ভদ্রতা, মানবিক আচরণ ও গ্রহণযোগ্যতার কারণে সাধারণ মানুষের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। শেষ দিনের গণসংযোগে সেই জনপ্রিয়তারই প্রতিফলন দেখা গেছে বলে মন্তব্য করেন তারা।

গণসংযোগ চলাকালে বিএনপির ধানের শীষের পক্ষে এক ধরনের গণজোয়ার সৃষ্টি হয়। উৎসবমুখর পরিবেশ, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে পুরো এলাকা যেন প্রাণবন্ত এক চিত্রে রূপ নেয়।

দলের নেতাকর্মীদের মতে, শেষ দিনের এই বিশাল গণসংযোগ নির্বাচনী মাঠে এস এম জাহাঙ্গীর হোসেনের শক্ত অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত