বিএনপির সমাবেশে যাওয়ার সময় গ্যাস বেলুন বিস্ফোরণ, ১৮ কর্মী-সমর্থক দগ্ধ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে যাওয়ার প্রস্তুতির সময় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৮ কর্মী, সমর্থক দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টার দিকে টঙ্গী সেনাকল্যাণ গার্মেন্টের সামনে একটি ক্লাবঘরে এই ঘটনা ঘটে।

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থক মো. রবিউল ইসলাম জানান, সোমবার বিকেলে টঙ্গী চেরাগআলী এলাকায় বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির সমাবেশ ছিল। সেই সমাবেশে যাওয়ার জন্য তাদের নেতা সুমন সরকারের সব লোক জড় হন টঙ্গী সেনাকল্যাণ মার্কেটে এলাকার। অসংখ্য নেতাকর্মী, সমর্থক প্রস্তুতি নেন। এর আগে থেকেই গ্যাস বেলুন প্রস্তুত করে রাখা ছিল সেখানকার একটি ক্লাবঘরে। বেলুনগুলো নিয়ে যাওয়ার কথা ছিল সমাবেশস্থলে। রওনা হওয়ার আগ মুহূর্তে ক্লাবঘরে রাখা সেই গ্যাস বেলুন বের করতে যান কর্মী-সমর্থকরা। এ সময় তাড়াহুড়ায় সেই গ্যাস বেলুন ফেটে যায় এবং মুহূর্তেই আগুন ধরে পুরো রুমে যারা ছিল তাদের হাত-পা-মুখ ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়।

দগ্ধরা জানান, ক্লাবঘরে রাখা গ্যাস বেলুন সম্পর্কে তারা আগে থেকে জানতেন না। ধারণা করেছিলেন সেগুলো ডেকোরেশন এর জন্য ফুলিয়ে রাখা সাধারণ বেলুন। তবে সেগুলোর ভেতর গ্যাস ভর্তি এটা না জানার কারণে তারা কয়েকজন তাড়াহুড়া করে বেলুন নেওয়ার সময় ফেটে যায় এবং এই দুর্ঘটনা ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দগ্ধ অন্তত ১৮ জন হাসপাতালে এসেছেন। তাদের সবার হাতে, মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে গেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার বয়স ২০ বছরের নিচে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত