আমরা একটি ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি: মাসুদ সাঈদী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ১৭ বছর পর নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমরা একটি পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি। যে স্বপ্ন পূরণ হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের সুচিন্তিত রায়ের মাধ্যমে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মিনি স্টেডিয়ামে জামায়াত জোটের নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল কিন্তু বাস্তবে স্বাধীনতার ৫৪ বছরে তার বাস্তবায়ন হয়নি। আমাদের স্বপ্ন পূরণ হয়নি। বারবার নির্বাচন এসেছে কিন্তু জনগণ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি।

এ সময় মাসুদ সাঈদী বলেন, গত ৫৪ বছরে জনগণকে মূল্যায়ন করা হয়নি বরং যে দল ক্ষমতায় এসেছে সেই দলের নেতাকর্মীদের পকেটের উন্নয়ন ঠিকই ঘটিয়েছে। আমরা দেখেছি দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি এবং জনগণের যে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে তারা কাজও করেনি। কোনও কোনও দল দীর্ঘদিন  ক্ষমতায় থেকে আমাদের উন্নয়নের গল্প শুনিয়েছেন।

সাঈদী পুত্র পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করা অঙ্গীকার করে বলেন, আমার পিতা যেমন উন্নয়নমূলক কাজের কথা বই আকারে জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন আমিও তেমন শুধু কথায় নয় বরং আল্লাহ যদি আমাকে আপনাদের খেদম হিসেবে কবুল করেন তাহলে বাস্তবে প্রমাণ দেব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক ও সঞ্চালন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত