ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নীলফামারীর কিশোরীগঞ্জে ভোট কেন্দ্রে স্থাপন করা সিসি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নয়ানখাল স্কুল এন্ড কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্কুল ছুটির পর বিকাল ৪টায় শিক্ষকরা চলে যায়, তখনও সিসি ক্যামেরা লাগানো ছিল। মঙ্গলবার সকালে এসে দেখে সেখানের একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।
নয়ানখাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেন, সোমবার বিদ্যালয় ছুটি হলে বন্ধ করে সবাই চলে যাই। আজকে (মঙ্গলবার) সকালে এসে দেখি বিদ্যালয়ের সামনের একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। বিষয়টি আমরা ইউএনওকে অবগত করেছি।
কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, এঘটনায় কাউকে এখনও শনাক্ত করা হয়নি। দ্রুত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
