‘দুধের বদলে ঘোল’, হতাশ মৌসুমী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী। সেখানে তাকে নিয়ে সৈয়দ আর ইমন নির্মাণ করেছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি সিনেমা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতা ও প্রযোজক। তবে কোনো দেশের হল মালিকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি তিনি। তাই হতাশ হয়ে ইউটিউবে অর্ধাঙ্গিনী মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। হতাশ মৌসুমী নিজেও।

নির্মাতা সৈয়দ আর ইমন বলেন, ‘পরিকল্পনা করেছিলাম ২০২৪ সালে সিনেমাটি মুক্তি দেওয়ার। তখন জুলাই গণ-অভ্যুত্থান হয় এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। তার পর নানা রকম জটিলতার কারণে আমাদের রিলিজ ডেট পেছাতে হয়েছে। যুক্তরাষ্ট্রেও আমরা হল পাচ্ছি না। ক’দিন পরই রোজা শুরু হবে। আমাদের স্পনসররা আর অপেক্ষা করতে চাইছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি সিনেমাটি হলে রিলিজ না করে সরাসরি ইউটিউবে রিলিজ করে দেব।’ 

নির্মাতা জানান, বাংলাদেশের পরিবেশকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো ইতিবাচক সাড়া পাননি তিনি। তাই ঈদের আগেই সিনেমাটি বিডিফিল্মস ইউএসএ নামের ইউটিউব চ্যানেলে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এর গল্প এগিয়েছে মৌসুমীকে ঘিরেই। অর্ধাঙ্গিনীর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। 

সিনেমার শুটিং নিয়ে নির্মাতা বলেন, ‘সবাই অনেক কষ্ট করে শুটিং করেছেন। বিশেষ করে মৌসুমী আপা যুক্তরাষ্ট্রের শীতে অভ্যস্ত নন। তবু মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাড়ি পরে আট ঘণ্টা পাহাড়ের ওপর প্রচণ্ড বাতাসে কীভাবে শুটিং করেছেন, তা ভেবে এখনো অবাক হই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত