কেন্দ্রীয় কারাগারে অসুস্থ বন্দির মৃত্যু

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়ার পর জাকির হোসেন (৫০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারারক্ষীরা তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, বিকেলে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন। পরে কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বাড়ি রাজধানীর হাজারীবাগ এলাকায়। তাঁর বাবার নাম মৃত আব্দুর রশীদ। কারাগারে তাঁর হাজতি নম্বর ৩৮৩১৫/২৬। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত