মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বিতর্কিত বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘর-বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হয় সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে একটি নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়ব না। ঘর-বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দেব। আমি কথা পরিষ্কার করে বলেছি। এটা মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার অসুবিধা নাই।

ভিডিওতে তিনি আরও বলেন, আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত হতে না হয়। আমি যদি অপমানিত হই, সেই অপমানের শোধ ওইভাবে নেব কিন্তু। আপনারা কি আমাকে অপমানিত হতে দেবেন। তাহলে সবাই কিন্তু ১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয় যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠনে করতে সহায়তা করবেন। গুনাইঘরবাসীকে সহায়তা করবেন।

মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্যের ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওই আসনের ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, এই ধরনের হুমকি নির্বাচনের আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। ভোটারদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি এলাকায় ভীতির পরিবেশ তৈরি করেছেন। ইসিকে (নির্বাচন কমিশন) অবিলম্বে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত