নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল টেলিকম অপারেটর বাংলালিংক। এ মোবাইল প্ল্যানের বিশেষত্ব হচ্ছে একটি প্যাক কেনার মাধ্যমে পরিবারের সবাই কানেক্টেড থাকতে পারবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন প্রিপেইড অফার বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, শুধুমাত্র মাই বাংলালিংক (মাইবিএল) অ্যাপের মাধ্যমেই ‘ফ্যামিলি প্যাক’ কিনতে পারবেন গ্রাহকেরা। এ প্যাকের মাধ্যমে প্রিপেইড গ্রাহকেরা একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সর্বোচ্চ পরিবারের পাঁচ সদস্যের সঙ্গে প্যাকের অন্তর্ভুক্ত ইন্টারনেট ডেটা ও ভয়েস মিনিট শেয়ার করতে পারবেন।
এক হাজার ১৯৮ টাকা মূল্যের এ ফ্যামিলি প্যাকে রয়েছে ৩০ দিনের মেয়াদে ৬০ জিবি ডেটা ও ৬০০ মিনিট টক টাইাম। এ বান্ডলের মাধ্যমে পরিবারের সদস্যরা একটি প্ল্যানের আওতায় কানেক্টেড থাকতে পারবেন। তবে পরিবারের সবার জন্য আলাদা করে ইন্টারনেট ও মিনিট প্যাক কিনতে হবে না। প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার সহজেই পরিবারের কোন সদস্যকে যুক্ত করতে কিংবা বাদ দিতে পারবেন। একইসঙ্গে, কোন ব্যবহারকারী কতটুকু ডেটা ও মিনিট ব্যবহার করতে পারবেন, সেটা নির্ধারণ করে দিতে পারবেন এবং ডেটা ও মিনিট ব্যবহার মনিটর করতে পারবেন-সব কিছুই করা যাবে মাইবিএল অ্যাপের মাধ্যমে।
একাধিক রিচার্জের প্রয়োজনীয়তা কমিয়ে এবং রিয়েল-টাইম ডেটা ও মিনিট ব্যবহার মনিটর করার সুবিধার ফলে মোবাইল প্ল্যান ব্যবস্থাপনাকে আরও সহজ করবে এ প্ল্যান। কানেক্টিভিটি সুবিধার পাশাপাশি, ফ্যামিলি প্যাকের প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার বিনা খরচে টফি ভিআইপি সুবিধা উপভোগ করতে পারবেন।
এ উদ্যোগের মাধ্যমে বাংলালিংকের ডিজিটাল সেবা পোর্টফোলিও আরও সম্প্রসারিত করেছে। পাশাপাশি দেশজুড়ে গ্রাহকদের জন্য আরও সহজ, স্মার্ট ও প্রাসঙ্গিক মোবাইল অভিজ্ঞতা নিশ্চিতে নিজেদের ‘পিপল-ফার্স্ট’ লক্ষ্যকে আরও জোরদার করছে।
