ভোটের আগেই সিসি ক্যামেরা চুরি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চুরির বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরা হাসান। 

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সম্প্রতি অত্র ছোট ঘিকমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। চলতি মাসের ৯ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৩০মিনিটে বিদ্যালয়ের সকল কক্ষ তালাবদ্ধ করে স্কুল ত্যাগ করি। পরবর্তীতে মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, ৪টির মধ্যে একটি ক্যামেরা নেই। ক্যামেরায় সংযোগ না থাকায় চোরের কোন ফুটেজ নাই আমাদের কাছে। তবে চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সেই সাথে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, গত সোমবার স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষকরা। যার কারণে ক্যামেরা চোর শনাক্ত করা যায় নাই। তবে বিদ্যালয়ের বাকি ৩টি ক্যামেরা দিয়েই নজরদারি করা হচ্ছে।

এদিকে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে ১৯৮টি ভোটকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত