ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের জামায়াতের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় তিনি এ ভোট প্রদান করেন।
সকাল সাড়ে ৭ টা ভোটগ্রহণ শুরুর পর সকালেই তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মামুনুল হক কেন্দ্রে প্রবেশের সময় সমর্থকদের একটি ছোট দল উপস্থিত ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং ভোটগ্রহণ কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারী ও পুরুষ ভোটারদের জন্য পৃথক পৃথক বুথের ব্যবস্থা রাখা হয়েছে। সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশেই চলছে ভোট।
এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে ‘ধানের শীষ’ প্রতীকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়াও জামায়াত জোট মনোনীত ‘রিকশা’ প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
এছাড়া এই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান এবং ‘কলস’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোহেল রানা, ‘রকেট’ প্রতীকে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মো. শাহাবুদ্দিন, ‘মই’ প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. খালেকুজ্জামান, ‘হারিকেন’ প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, ‘আপেল’ প্রতীকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফাতেমা আক্তার মুনিয়া এবং ‘ঘুড়ি’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মো. রবিউল ইসলাম।
সংসদীয় আসন ঢাকা-১৩ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
পুলিশের নথি অনুযায়ী, ঢাকা-১৩ আসনে ১৩৮টির মধ্যে ১১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও পুলিশের তেজগাঁও বিভাগে এ ধরনের কেন্দ্র রয়েছে তিনটি। কেন্দ্রগুলো হলো জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আব্দুল হাসেম খান ইউসেপ টেকনিক্যাল স্কুল ও রায়েরবাজার কমিউনিটি সেন্টার।
ঢাকা মহানগর এলাকায় ১ হাজার ৯৭টি ভেন্যুতে ভোটকেন্দ্র রয়েছে ২ হাজার ১৩১টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১ হাজার ৫১৬টি। সাধারণ কেন্দ্র রয়েছে ৫২৫টি।
