ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে নেমে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা গেছে। বিকেল পর্যন্ত এই উৎসাহ ধরে রাখার প্রত্যাশা তাঁর। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা চোখে পড়েনি বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোট পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন ইইউ প্রতিনিধিরা। প্রথমেই তারা যান বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্রে।
ইভার্স ইজাবস বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। সারাদেশে আমাদের পর্যবেক্ষকরা অনলাইনে নিয়মিত প্রতিবেদন পাঠাচ্ছেন।
তিনি জানান, এ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন সারাদেশে ২০০ জনের বেশি পর্যবেক্ষক মোতায়েন করেছে। তারা নিবিড়ভাবে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।
নিরপেক্ষতার প্রশ্নে ইইউইওএম প্রধান বলেন, আমরা পুরোপুরি নিরপেক্ষ। কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা অংশ নিচ্ছি না, শুধু নির্বাচন পর্যবেক্ষণ করছি। ১৪ ফেব্রুয়ারি আমরা প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করব।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ চলছে। বেলা ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে গড়ে ১৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি।
