রমজানের জন্য মানসিক প্রস্তুতি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম

রমজান আসে নীরব এক আহ্বান নিয়ে। আত্মাকে জাগিয়ে তোলার, হৃদয়ের পঙ্কিলতা ঝেড়ে ফেলার এবং আল্লাহর দিকে নতুন করে ফিরে যাওয়ার আহ্বান। এই মাস এক গভীর আত্মসমালোচনার সুযোগ এনে দেয়। আমরা কী করছি, কীভাবে ভাবছি এবং কীভাবে জীবন যাপন করছি, সবকিছুরই যেন নতুন করে মূল্যায়ন দাবি রাখে রমজান। তাই রমজানের প্রস্তুতি মানে কেবল খাবারের সময় বদলানো নয়, বরং মনের ভেতর এমন এক প্রস্তুতি গড়ে তোলা, যার আলো এই মাস পেরিয়েও আমাদের পথ দেখাবে।

রমজানের প্রস্তুতির প্রথম ধাপ হলো নিয়ত করা। প্রিয় কোনো অতিথির আগমনে আমরা যেমন আনন্দিত হই, ঠিক তেমনি রমজানকে স্বাগত জানানোর মানসিক প্রস্তুতি নিতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, এই মাসে যেন তিনি আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করেন, ভেতরের অপ্রয়োজনীয় আসক্তি ও পাপের বোঝা হালকা করে দেন।

ইসলামি স্কলাররা বলেন, রমজান শব্দের অর্থ এমন এক উত্তাপ, যা পাপকে পুড়িয়ে ছাই করে দেয়। তাই আগে থেকেই মনে মনে সিদ্ধান্ত নিতে হবে, এই মাসকে কীভাবে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায়। শুধু রোজা রাখাই নয়, বরং নিজের চরিত্র, চিন্তা ও অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনার সংকল্প করতে হবে।

হৃদয়ে আল্লাহর জন্য জায়গা তৈরি করতে হলে অপ্রয়োজনীয় ব্যস্ততা কমাতে হবে। সব সময় ফোন, বই বা নানা কোলাহলে নিজেকে ভরিয়ে রাখলে আত্মসংযোগ তৈরি হয় না। প্রতিদিন অন্তত কিছু সময় একান্তে কাটানোর অভ্যাস গড়ে তোলা কাম্য। কোনো বিভ্রান্তি ছাড়া চুপচাপ বসে দোয়া করা এবং আল্লাহর সঙ্গে অন্তরের সংযোগ স্থাপনের চেষ্টা করাই হতে পারে উত্তম প্রস্তুতি।

রমজানের পরের জীবন নিয়েও এখনই ভাবা জরুরি। অনেকেই রমজান শেষে আবার আগের অবস্থায় ফিরে যান। এই পরিস্থিতি এড়াতে হলে রমজানেই একটি বাস্তব পরিকল্পনা করতে হবে যে, কীভাবে কোরআন তেলাওয়াত, নামাজ ও অন্যান্য ভালো অভ্যাসগুলো বছর জুড়ে ধরে রাখা যায়। যারা বেশি কোরআন পড়তে চান, তাদের জন্য নির্দিষ্ট সময়সূচি করা প্রয়োজন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি সুন্নত ও নফল নামাজ আদায়ে যতœশীল হওয়ার পরিকল্পনা করতে হবে।

লেখক : মাদ্রাসাশিক্ষক ও ধর্মীয় নিবন্ধকার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত