মুন্সীগঞ্জে নতুন ভোটারদের উচ্ছ্বাস

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ এএম

মুন্সীগঞ্জ-১ আসনের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী নতুন ভোটার নাদিয়া খানম (২৩)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওই ভোটার। জীবনের প্রথম ভোট দিয়ে সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই নতুন ভোটার বলেন, ‘আমার জীবনের প্রথম ভোট, আমার প্রথম ভালো লাগা। ছোটবেলা থেকেই শুনতাম ভোট দেওয়ার আনন্দের কথা। এবার নিজেই সেই আনন্দে মাখামাখি হলো আমার মন-মননে। এজন্য আমি খুবই আনন্দিত।’

জেলার সিরাজদীখানের একই কেন্দ্রে ভোট দিয়েছেন নতুন ভোটার সানজিদ খান (২০)। রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের এ ভোটার জীবনের প্রথম ভোট দেওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ যেন অন্য রকমের এক অনুভূতি বোধ করেছি আমি। আনন্দ ও উচ্ছ্বাস বোধ হয় কখনোই ভাষা প্রকাশ করা যায় না। তেমনই প্রথম ভোট দিয়ে আমার ক্ষেত্রে তাই-ই মনে হচ্ছে। তবে মনের ভেতর একটা ভালো লাগা, ভালো লাগা শিহরন বোধ করছি।’

এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট দিতে পেরে এমনই অন্তহীন আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অন্য নতুন ভোটাররা। প্রথম ভোট দিতে পেরে অনাবিল আনন্দে ভেসেছেন তারা। সরেজমিনে গিয়ে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ আসনের শ্রীনগর উপজেলার কোলাপাড়া উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলার সিরাজদীখান উপজেলার জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিরাজদীখান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমবার ভোট দিতে আসা নতুন ভোটারের মধ্যে বাড়তি আগ্রহ ও আনন্দ লক্ষ করা গেছে।

জেলার শ্রীনগর উপজেলার আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আটপাড়া গ্রামের নতুন ভোটার আসলাম শেখ। তিনি বলেন, ‘আমি জীবনের প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। নিজের ভোট নিজে দিতে পারাটা আমার কাছে ভীষণ আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে আমরা শুনে এসেছি, অনেক সময় একজনের ভোট অন্যজন দিয়ে দেয়। কিন্তু এবার আমি নিজে এসে শান্তিপূর্ণ পরিবেশে আমার ভোট দিতে পেরেছি। এতে আমার ভেতরে অনেক ভালো লাগা কাজ করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত