ইংল্যান্ডের শীর্ষ লিগে শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে ব্রেন্টফোর্ডের মাঠে ১–১ গোলে আটকে গেছে আর্সেনাল। এতে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি–এর ব্যবধান নেমে এসেছে চার পয়েন্টে।
বৃহস্পতিবার লন্ডনের জিটেক কমিউনিটি স্টেডিয়াম–এ অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ব্রেন্টফোর্ড আর্সেনালকে কঠিন চাপে রাখে। ম্যাচের ৬১ মিনিটে হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ননি মাদুয়েকে। তবে ৭১ মিনিটে ডাইভিং হেডে সমতা ফেরান কিয়ান লুইস-পটার।
এই ড্রয়ে এক সপ্তাহেরও কম সময়ে আর্সেনালের লিড নেমে এলো ৯ পয়েন্ট থেকে ৪ পয়েন্টে। সাম্প্রতিক ম্যাচগুলোতে সিটির টানা জয়ে শিরোপা লড়াইয়ের গতি এখন তাদের দিকেই ঝুঁকছে বলে মনে করা হচ্ছে।
ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, গোল করার পরও দল প্রয়োজনীয় শান্তভাব ও শৃঙ্খলা ধরে রাখতে পারেনি। অপ্রয়োজনে একের পর এক সেট-পিস দিয়ে বসায় ব্রেন্টফোর্ড সুযোগ পেয়েছে।
আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া বলেন,
“এক পয়েন্টে আমরা হতাশ। তবে এটা কঠিন মাঠ। আমরা এখনো ভালো অবস্থানে আছি।”
শিরোপা লড়াই নিয়ে আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস বলেন, “এটা সহজ হবে—এমন ভাবার সুযোগ নেই। বাইরের আলোচনা থেকে দূরে থেকে আমাদের নিজেদের কাজটাই করে যেতে হবে।”
আর্সেনালকে এখনো এপ্রিল মাসে ম্যানসিটির মাঠে খেলতে যেতে হবে। তাি শিরোপা লড়াই শেষপর্যন্ত গড়াতে পারে শেষ দিকের ম্যাচগুলো পর্যন্ত।
×
