১৯ বছর পর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের চমক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

১৯ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারালো জিম্বাবুয়ে।

২০০৭ প্রথম বিশ্বকাপে অজিদের হারিয়েছিল তারা। এর পর মাঝে দুবারই দেখা হয়েছিল দুদলের এই ফরম্যাটে। দুবারই হারে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরে আসা সেই জিম্বাবুয়ে আজ কলম্বোতে ২৩ রানে হারিয়ে দিয়েছে চোটে নাজেহাল অস্ট্রেলিয়াকে।  

ব্রেন্ডন টেলর নিশ্চয়ই এই জয় উপভোগ করেছেন রন্ধ্রে রন্ধ্রে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বেচারা টেলরের বিশ্বকাপ শেষ। ১৯ বছর আগের সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোয় ৬০ রানের দারুণ ইনিংস খেলেছিলেন টেলর। আজ মাঠের বাইরে থেকে টেলর হয়তো দেখেছেন, তাঁর ভূমিকায় ছিলেন জিম্বাবুয়ের একসঙ্গে কয়েকজন। 

আগে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ তোলা জিম্বাবুয়ের হয়ে ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন ওপেনার ব্রায়ান বেনেট। তাদিওয়ানাশে মারুমানির ২১ বলে ৩৫, রায়ান বার্লের ৩০ বলে ৩৫ এবং সিকান্দার রাজার ১৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে লড়াকু স্কোর পায় তাঁরা। 

মুজারাবানি হয়েছেন ম্যাচসেরা

বোলিংয়ে জিম্বাবুয়ে যতটা ভালো করেছে, তার চেয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যর্থতাই বেশি। শেষ পর্যন্ত ২০ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া। ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ইনিংসের শুরুতেই তার সঙ্গে মিলে অস্ট্রেলিয়ার শীর্ষ সারির ব্যাটিং ভেঙে দেন সতীর্থ ব্র্যাড ইভান্স—তিনি ২৩ রানে নেন ৩ উইকেট।

অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র উল্লেখযোগ্য লড়াই করেন ম্যাট রেনশ। তিনি ৪৪ বলে ৬৫ রান করে দলকে কিছুটা আশা দেখান।

এই হারে সুপার এইট পর্বে ওঠার সম্ভাবনাও বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়ার। বর্তমানে পরিস্থিতি এমন যে, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুই দলই ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে ২ পয়েন্ট নিয়ে। শ্রীলঙ্কা ও ওমানের সংগে খেলা বাকি তাদের। জিম্বাবায়ের বাকি শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সংগে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত