ভোটে হারলেও সংসদে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী!

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের তালিকায় শীর্ষে ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে তিনি বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে মাত্র পাঁচ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে গেলেও জাতীয় সংসদে তার যাওয়ার পথ পুরোপুরি খোলা। গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য উচ্চকক্ষে (সিনেট) এনসিপির পক্ষ থেকে সদস্য হিসেবে তার নাম সবচেয়ে জোরালোভাবে আলোচনায়।

জানা গেছে, আসন্ন উচ্চকক্ষে মোট ১০০ জন সদস্য থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রাপ্ত ভোটের শতাংশের ভিত্তিতে এই সদস্যরা মনোনয়ন পাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩ দশমিক ২১ শতাংশ। এই হিসাব অনুযায়ী, উচ্চকক্ষে এনসিপির অন্তত তিনটি আসন পাওয়ার কথা।

দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে, এই তিনটি আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবার ওপরেই আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যদিও দলের অভ্যন্তরে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা প্রায় চূড়ান্ত। ধারণা করা হচ্ছে, উচ্চকক্ষে তার জায়গা হওয়া অনেকটাই নিশ্চিত। তবে তিনি যদি আগামী ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে তিনি উচ্চকক্ষের সদস্য পদে না-ও যেতে পারেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারি ফলাফলে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৩৬ ভোট। অপরদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানান, উচ্চকক্ষে কারা যাবেন, তা নিয়ে জোটের মধ্যে এবং নিজেদের দলের অভ্যন্তরে এখনও আলোচনা চলছে। দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত