একাই জিতে এবার মন্ত্রীত্ব চান ইসলামী আন্দোলনের এমপি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৫৩ আসনে প্রার্থী দিয়ে আলোচনায় আসে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের ২৫৩ আসনে প্রার্থী থাকলেও ভোটারের আস্থায় বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) আসন থেকে দলটির একমাত্র প্রার্থী মাহমুদুল হোসাইন অলি উল্লাহ নির্বাচিত হন। এরই মধ্যে তাকে মন্ত্রীত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তার সমর্থকেরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই তিনি বরগুনার সেতু ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা কেওড়াবুনিয়া পীরের দরবারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অলি উল্লাহ ও তার সমর্থকেরা।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদর উপজেলার নেতা ইদ্রিসুর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে না গিয়ে সারাদেশের ২৫৩ আসনে একক প্রার্থী দেয়। আমাদের সবাই উল্লেখযোগ্য ভোট পায়। আমরা যদি জোটে যেতাম তাহলে বিএনপি সরকার গঠন করতে পারতো না। আমাদের জন্যই বিএনপি সরকার গঠন করেছে। তাই আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাই তিনি যেন আমাদের দলের একমাত্র এমপিকে যেকোনো মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব দেন।

তিনি আরও বলেন, জামায়াতের সাথে যদি আমাদের সমঝোতা থাকতো তাহলে বিএনপি এতগুলো আসন পেতো না। জোট থেকে বের হওয়ার কারণেই বিএনপি সরকার গঠন করতে পারবে। আমাদের কারণেই বিএনপি সারাদেশে ভূমিধস বিজয় পেয়েছে। তাই এখন আমাদের দাবি ইসলামী আন্দোলনের একমাত্র নির্বাচিত প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে মন্ত্রীত্ব দেওয়া হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন বা দেননি সবাই এখন আমার জনগণ। সব দলের জনগণই আমার। এখন জনগণের কল্যাণে যা যা করণীয় তাই আমি করবো।

তিনি আরও বলেন, বিএনপি যদিও আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করে। কিন্তু এ নির্বাচনে আমাদের দ্বারা তাদের যে উপকার হয়েছে তা মূল্যায়ন করা উচিত। কারণ আপনারা দেখেছেন সারাদেশে সামান্য ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থীরা হেরে গেছে। সেসব আসনে আমাদের প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পেয়েছে। আমরা যদি সমঝোতায় থাকতাম তাহলে জামায়াত সরকার গঠন করতো। আমি আশা করি বিএনপি এটা মূল্যায়ন করবে। যদি তারা সে মূল্যায়ন করে তাহলে ভবিষ্যতে বরগুনার জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে। তারা যদি মূল্যায়ন না করে তাহলে এর ক্ষয়ক্ষতি তাদের দিকেই যাবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হোসাইন অলি উল্লাহ পান ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা পান ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। এতে মোট ৪ হাজার ১৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অলিউল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত