অবশেষে এল পার্থর ‘মুখোশ’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

ছয় বছর আগেই এসেছিল ঘোষণা। এর মাঝে ‘শহর ও মেঘদল’ এবং ‘বৃষ্টির গান’ শিরোনামে দুটি গানও প্রকাশ পেয়েছে। তারপপরও বাস্তবায়িত হচ্ছিল না ঘোষণার। অবশেষে প্রকাশ্যে এল পার্থ বড়ুয়ার একক অ্যালবাম ‘মুখোশ’। অবশেষে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গীতিকবি রানার লেখা ‘মুখোশ’ গানটির সংগীতায়োজন করেছেন শিল্পী পার্থ নিজে। প্রযোজনা করেছেন অভিক। 

এ আয়োজন নিয়ে পার্থ বড়ুয়া বলেন, ‘মুখোশ’ গানে আমাদের ভেতর ও বাইরের দিকটি উন্মোচন করার চেষ্টা করা হয়েছে। জানানো হয়েছে, আমরা সবাই কিন্তু মুখোশ পরে থাকি। আমাদের ভেতরে রূপ এক, বাইরে আরেক। সাধারণত ব্যান্ডে আমরা যে ধরনের গান করে থাকি, এটি তা থেকে অনেকে আলাদা। তাই বাণিজ্যিক ভাবনাকে দূরে রেখেই ‘মুখোশ’ অ্যালবামের আয়োজন। আশা করছি, এই গানসহ অ্যালবামের সব গানই শ্রোতার মনে ছাপ ফেলবে। 

পার্থ আরও জানান, গানের ভুবনে তার পথচালা প্রায় চার দশকের। এই দীর্ঘ সংগীতজীবনে কখনও একক অ্যালবাম প্রকাশ করেননি। ইচ্ছা হয়নি, ব্যান্ডশিল্পীর পরিচয়কে ছাপিয়ে এককভাবে কিছু করার। সব সময় চেয়েছেন সোলস ব্যান্ডের সদস্য হিসেবে তাঁর পরিচিতি গড়ে উঠুক। তারপরও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করেছেন। তেমনই ভিন্ন ধাঁচের পাঁচটি গান তৈরির পর মনে হয়েছে, সেগুলো আলাদাভাবে প্রকাশ করার। 

এ বিষয়ে সোলস ব্যান্ডের সদস্যরা সমর্থন জুগিয়েছেন। তাদের ইচ্ছাতেই গানগুলো ‘মুখোশ’ শিরোনামে একক অ্যালবামের মাধ্যমে প্রকাশ করা। এটি তার শিল্পীজীবনের প্রথম মৌলিক একক অ্যালবাম; যার সব গান লিখেছেন গীতিকবি রানা। সুর ও সংগীতায়োজন পার্থ নিজেই করেছেন জানান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত