ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহেল রবিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিটির সদস্য শেখ মহসীনসহ নয়জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ করা হয়, আতিকুর রহমান বিএনপির নির্বাচনী এজেন্ট ছিলেন। শেখ মহসীন, মো. এখলাছ, মো. আকাশ (শেখ মহসীনের ছেলে), মো. সানি, মো. লিটন বাবু, মো. রাকিব, মো. মোজাম্মেল, মো. রায়হান, মো. আরমান বৃহস্পতিবার ভোটের দিন হাবলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করেন। তারা ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেন। এ অবস্থায় আতিকুর রহমান ঘটনার প্রতিবাদ জানালে তার ওপর হামলা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তিনি জেলা সদর হাসাপাতালে চিকিৎসা নেন।
আদালতের সূত্র ও মামলার কপি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
