অন্যের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যু ফায়ার ফাইটারের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী আহসান হাবিব (৪৬)। গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মৃত আবিদুর রহমানের ছেলে। তিনি শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতির সময় স্টেশনের প্রধান ফটক খুলে মহাসড়কে চলাচলকারী যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করেন আহসান হাবিব। তার সিগন্যাল পেয়ে বগুড়াগামী একটি ট্রাক সড়কে থেমে যায়। এ সময় একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি আহসান হাবিবকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ফায়ার ফাইটারের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ‘ঢাকা মেট্রো ন-১৯-২১৪৯’ ও বাস ‘ঢাকা মেট্রো-ব-১৫-০৭৩০’ আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। তবে দুই গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, কর্তব্য পালনকালে নির্মম মৃত্যুর শিকার হওয়া আহসান হাবিবের পিআইএন নম্বর ৫০০৯০৬। তিনি সরকারি চাকরিতে যোগদান করেন ২০০৫ সালে। তার এক ছেলে, এক মেয়ে রয়েছে। মেয়ে মারজিয়া আহসান সিনথী (২২) কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ও ছেলে আব্দুর রাহিম আহসান (১৪) অষ্টম শ্রেণিতে পড়ে।

আহসান হাবিবের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত