ভারতের কাছে ৬১ রানের হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি–কে প্রকাশ্যে কড়া ভাষায় সমালোচনা করেছেন সাবেক গতি তারকা শোয়েব আখতার।
রবিবার টি–টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ম্যাচে সূর্যকুমার যাদব–এর নেতৃত্বাধীন ভারতের কাছে পাকিস্তানের ভরাডুবির পর শোয়েব আখতার বলেন, ভারতীয় দল এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। একই সঙ্গে তিনি মহসিন নাকভিকে ‘অযোগ্য’ ও ‘অশিক্ষিত’ আখ্যা দিয়ে পাকিস্তান ক্রিকেটের পরিচালন কাঠামো নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
একটি টেলিভিশন অনুষ্ঠানে শোয়েব আখতার বলেন, পাকিস্তান ক্রিকেট পরিচালনায় যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের অনেকেই আধুনিক ক্রিকেট সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন না। তাঁর ভাষায়, এমন একজন মানুষ বোর্ডের চেয়ারম্যান হয়েছেন, যিনি ক্রিকেট পরিচালনা সম্পর্কেই তেমন কিছু জানেন না। এই পরিস্থিতিতে দলের সঠিক দিকনির্দেশনা পাওয়া কঠিন হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
শোয়েব আখতার আরও বলেন, গত দেড়–দুই দশকে পাকিস্তান ক্রিকেটে পরিকল্পিত বিনিয়োগ হয়নি। ভবিষ্যৎ তারকা তৈরির বদলে অল্প কয়েকজন খেলোয়াড়ের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি করা হয়েছে। তাঁর মতে, এমন একজন খেলোয়াড়কে ‘সুপারস্টার’ বানানো হয়েছে, যিনি একা দলকে ম্যাচ জেতাতে পারছেন না। অযোগ্য ব্যক্তির হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়াকেই তিনি সবচেয়ে বড় অপরাধ বলে উল্লেখ করেন।
শোয়েব আখতারের মতে, বর্তমান ভারতীয় দল শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নেমেছে এবং মানসিক ও কৌশলগত দিক থেকে তারা অনেক এগিয়ে।
টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কঠিন উইকেটে ভারতের ইনিংস গড়ে ওঠে ইশান কিশানের দুর্দান্ত ৭৭ রানের ইনিংসের ওপর ভর করে। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ২৯ বলে ৩২ রান এবং শিভম দুবে যোগ করেন ১৭ বলে ২৭ রান। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৭ উইকেটে ১৭৫ রান।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাইম আয়ুব। এ ছাড়া শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক ও আগা সালমান একটি করে উইকেট শিকার করেন।
ক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটাই ছিল ভয়াবহ। মাত্র দুই ওভারেই তিন উইকেট হারিয়ে দল চাপে পড়ে যায়। বাবর আজম ধীরগতির ব্যাটিংয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও দ্রুতই ফিরে যান। এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ৩৪ রানে ৪ উইকেট।
মাঝের দিকে উসমান খান ও শাদাব খান কিছুটা প্রতিরোধ গড়লেও সেই জুটি ভাঙার পর দ্রুত উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ১৮ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
ভারতের হয়ে বোলিংয়ে সবচেয়ে কার্যকর ছিলেন অক্ষর প্যাটেল। এ ছাড়া হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরা ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন।
ভারত এই জয়ে সুপার এইট নিশ্চিত করেছে। অন্যদিকে পাকিস্তানকে সুপার এইটে উঠতে হলে শেষ গ্রুপ ম্যাচে নামিবিয়াকে হারাতে হবে।
বাবরদের চরম ব্যর্থতায় ভারতের কাছে হারলো পাকিস্তান