এমবিবিএস-বিডিএসে দ্বিতীয় মাইগ্রেশন শুরু, ভর্তির সুযোগ ৬৮ শিক্ষার্থী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিতে দ্বিতীয় মাইগ্রেশনে ৬৮ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১৫ জানুয়ারি) দ্বিতীয় মাইগ্রেশন ও ভর্তির তথ্যের বিষয়ে জানানো হয়। 

এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলের ভিত্তিতে বিধি মোতাবেক মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের পূরণকৃত অনলাইন মাইগ্রেশন ফরমের প্রাপ্ত তথ্যানুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রথম দফার পর দ্বিতীয় দফা মাইগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অপেক্ষমাণ তালিকা থেকে স্বয়ংক্রিয় মাইগ্রেশন শেষে শূন্য আসনে ৬৮ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হলো। এ ক্ষেত্রে মেধা,পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগপূর্বক ১৬ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই মাইগ্রেশনের প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ থেকে বদলি বা মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এ সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

এ ছাড়া অপেক্ষমাণ তালিকা থেকে যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদের নির্বাচিত কলেজের অধ্যক্ষের দপ্তরে একই সময়ের (১৬ থেকে ২৪ ফেব্রুয়ারি) মধ্যে যোগাযোগ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের মূল সনদ যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। ভর্তির ক্ষেত্রে অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র ও প্রশংসাপত্র

সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদপত্র

চার কপি সদ্য তোলা সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি

পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে চীফ ও জেলা প্রশাসকের সনদ; অ-উপজাতীয়দের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসকের সনদ; অন্যান্য জেলার উপজাতীয়দের ক্ষেত্রে গোত্র প্রধান ও জেলা প্রশাসকের সনদ

মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে জানা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও তথ্য জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত