সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে নির্ধারিত শপথ অনুষ্ঠান থাকলেও শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে তারা এই প্রক্রিয়া থেকে বিরত থাকেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ আইনি কাঠামো এবং সাংবিধানিক ভিত্তি তৈরি না হওয়া পর্যন্ত তারা এই পরিষদে অংশ নেবেন না।
সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত সকল সংসদ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রঙের দুটি ফরম দেখিয়ে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে বলেন যে, বর্তমান অবস্থায় এই শপথ গ্রহণ সাংবিধানিকভাবে সিদ্ধ নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে এখনো ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামক কোনো বিষয়ের প্রতিফলন ঘটানো হয়নি। তিনি বলেন, ‘আমরা কেউ এই পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী যদি এমন কোনো পরিষদ গঠিত হয়, তবে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।’
তিনি আরও বলেন, এই পরিষদের সদস্যদের শপথ কে পাঠ করাবেন, সে বিষয়েও বর্তমানে কোনো সুনির্দিষ্ট বিধান নেই। তার মতে, এই সংক্রান্ত ফরম বা বিধান সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক। সংসদীয় প্রক্রিয়ায় এসব পরিবর্তন গৃহীত হওয়ার পরই কেবল শপথ নেওয়ার বিষয়টি বিবেচনা করা যাবে।
বিএনপি বরাবরই সংবিধান মেনে রাজনীতি করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে। সালাহউদ্দিন আহমদ জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্য, অর্থ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন যারা
মির্জা ফখরুল স্থানীয় সরকারে, স্বাস্থ্যে খন্দকার মোশাররফ