বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মির্জা ফখরুল।
একটি ঐতিহাসিক মুহূর্তের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া ও সংসদকে অকার্যকর করা-এসব পর্বের পরে জনগণের রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সংসদ পেয়েছি। এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী, তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি গ্রহণ করবেন না। একইসঙ্গে সরকারের কাছ থেকে কোনো প্লটও নেবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।
এর আগে সকালে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
