পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকা-রংপুর মহাসড়কের ঠ্যাংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হন। সকালে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে এক নারী নিহত ও আরও তিনজন আহত হন।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন জানান, সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে পাঁচজনকে নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। তারা দুজনই বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার বাসিন্দা। আহত হন চালক সহ আরো ৪ জন। 

তিনি বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ নিয়ে স্বজনরা সকালে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। পথে বগুড়ার রানীরহাট এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সটির সঙ্গে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কা লাগে।

এতে অ্যাম্বুলেন্সে থাকা মোছা. খাদিজা খাতুন (৫২) নামে এক নারী নিহত হন। তিনি বগুড়া সদর উপজেলার বানদীঘী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত