ইরানের সঙ্গে সংলাপে যুক্ত হবেন ট্রাম্প

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ এএম

ইরানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের যে সংলাপ শুরু হয়েছে, তাতে পরোক্ষভাবে অংশ নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেন তিনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি শিগগিরই সংলাপে যুক্ত হব, তবে তা পরোক্ষভাবে। আলোচনা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ওমানের রাজধানী মাস্কাটে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের। ইতিমধ্যে প্রথম দফার আলোচনা শেষও হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা পারমাণবিক বিরোধ সমাধানের লক্ষ্যে মঙ্গলবার জেনেভায় আবারও পরোক্ষ বৈঠকে বসছেন দুই দেশের প্রতিনিধিরা। ওমানের মধ্যস্থতায় হতে যাওয়া দ্বিতীয় পর্বের এ বৈঠকে মার্কিন পক্ষে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার, বিষয়টি সম্পর্কে অবহিত এক সূত্র রয়টার্সকে এমনটি জানিয়েছে। আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এয়ারফোর্স ওয়ানে মতবিনিময়ের সময় ট্রাম্প বলেন সংঘাতে জড়ালে এই ইস্যুর সমাধান হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, শুধু যুদ্ধজাহাজ নয়, আমাদের বি-২ (অত্যাধুনিক স্টেলথ বোমারু বিমান) বিমানও আছে এবং গত জুনে ইরানের সঙ্গে সংঘাতের সময় আমরা তা ব্যবহারও করেছিলাম। তবে আমি দ্বিতীয়বার সংঘাতে জড়াতে ইচ্ছুক নই এবং আমার ধারণা, তারাও (ইরান) সংঘাতের পরিবর্তে সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় দুই যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। ওয়াশিংটনের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরি করছে ইরান, তবে তেহরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশে নিবেদিত। তবে তারা বিদ্যুৎ উৎপাদনের জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার গড়ে তুলেছে আর বোমা বানানোর জন্য যে পরিমাণ প্রয়োজন তার কাছাকাছি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত