যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়ার রেশ কাটতে না কাটতেই মাঠে নামে আরও একবার নিজের প্রতিভার ঝলক দেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ কাভান সুলিভান। কানসাস সিটির মাঠে আজ প্রথম ষোলো মিনিটেই তিন গোল হজম করে পরাজয়ের শঙ্কা মাথায় নিয়েছিল তার দল ফিলাডেলফিয়া ইউনিয়ন। তবে রূপকথার মতো ঘুরে দাঁড়ানোর সেই গল্পে ম্যাচটা যেন এক পলকে উল্টে দিল সুলিভানরা।
মাত্র নয় মিনিটের এক অবিশ্বাস্য ঝড়ে টানা গোল করে শেষ পর্যন্ত ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছেড়েছে ফিলাডেলফিয়া। যেখানে গোল করেছেন সুলিভানও, সঙ্গে করিয়েছেনও একটি।
ম্যাচের শুরুটা একেবারেই নিজেদের অনুকূলে রাখতে পারেনি সফরকারীরা। স্বাগতিক কানসাস সিটির হয়ে ম্যাচের পঞ্চম ও দশম মিনিটে জোড়া গোল করেন আন্দ্রে লুইজ। এরপর ১৬ মিনিটে কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৩-০ করেন ওয়াট মেয়ার। প্রথম ষোলো মিনিটেই তিন গোল হজম করে ফিলাডেলফিয়ার ম্যাচ থেকে ছিটকে পড়ার দশা হয়েছিল। প্রথমার্ধ তো বটেই, দ্বিতীয়ার্ধের চৌষট্টি মিনিট পর্যন্তও গোলের দেখা মেলেনি দলটির।
তবে ৬৪ মিনিট থেকেই শুরু হয় সেই অভাবনীয় রূপান্তর। ব্রুনো দামিয়ানির গোলে ফিলাডেলফিয়ার ঘুরে দাঁড়ানোর সূচনা হয়, যেখানে দুর্দান্ত এক অ্যাসিস্ট ছিল সুলিভানের। এর মিনিট খানেক বাদে গোল করে ব্যবধান ৩-২ করেন সুলিভান নিজে। এরপর ঝড়ের গতিতে ম্যাচ নিজেদের করে নেয় ইউনিয়ন। ৬৮ মিনিটে মিলান ইলোস্কির গোলে ৩-৩ সমতা ফেরার পর, ৭৩ মিনিটে কানসাসের ডিফেন্ডার জোরান বাসংয়ের আত্মঘাতী গোলে ৪-৩ ব্যবধানে অবিশ্বাস্যভাবে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই টানা পঞ্চম জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দলটি।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা সুলিভান শেষ ছয় ম্যাচে করেছেন ছয়টি গোল। গত বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে সেপ্টেম্বর ও অক্টোবর প্রীতি ম্যাচের জন্য প্রথমবারের মতো ডাক পাওয়ার সুসংবাদ পেয়েছিলেন তিনি, আর এর ঠিক একদিন পরই মাঠে নেমে এমন দারুণ পারফরম্যান্স তার আকাশচুম্বী আত্মবিশ্বাসেরই প্রমাণ দেয়। এই জয়ের ফলে শেষ ১১ লিগ ম্যাচে অপরাজিত থেকে ২৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ৬ নম্বরে নিজেদের অবস্থান আরও পোক্ত করল ফিলাডেলফিয়ার দলটি।
এশিয়ান গেমসের অভিষেকে ১৩ গোল হজম মেয়েদের