ইউক্রেনে ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আলোচনা অনেকটা অগ্রসর হলেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। গত সোমবার রাতভর প্রায় ৪০০টি ড্রোন এবং ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গতকাল মঙ্গলবার ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউক্রেনিফর্ম জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি রুশ ড্রোন (ইউএভি) ধ্বংস করেছে। প্রতিবেদনের তথ্য মতে, মোট ৩৯২টি আক্রমণ নস্যাৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০টি বি-১০১ এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, চারটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি বি-৫৯/৬৯ গাইডেড এয়ার-লঞ্চড ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি বিভিন্ন ধরনের ড্রোন যার মধ্যে শাহেদ, গেরবেরা, ইতালমাসসহ অন্যান্য ইউএভি রয়েছে।

তবে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৮টি হামলাকারী ড্রোন ১৩টি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে সমন্বিত আক্রমণ বলে উল্লেখ করে বলেন, ইচ্ছা করেই ইউক্রেনের জ্বালানি খাতে সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত