আজ বুধবার রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে অবমুক্ত করা হবে ওয়েব ফিল্ম ‘জ¦ীনের বাচ্চা’। অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লাক্সতারকা মৌসুমী হামিদ। গল্পে দেখা যাবে, বাকপ্রতিবন্ধী মৌসুমী হামিদ এবং নিঃসন্তান। এই দুই বাস্তবতা ঘিরেই তার দাম্পত্য ও পারিবারিক জীবনে চরম অশান্তি। স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা, প্রতিবেশীদের কটূক্তি সব মিলিয়ে তিনি যেন এক নিঃসঙ্গ লড়াইয়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকা এক নারী। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর ট্রেলার। এর আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘ফেউ’-এর মার্শাল কিংবা ‘গুলমোহরের রানা তালুকদারসহ আরও দুর্দান্ত সব চরিত্রে দেখা গেছে মৌসুমীকে।
নিজের চরিত্র প্রসঙ্গে মৌসুমী হামিদ জানান, এটি শুধু মাতৃত্বের গল্প নয়; বরং গভীর বেদনার গল্প। তার ভাষায়, ‘চরিত্রটিতে পেইন ছাড়া কিছু নেই। তবে তার কষ্ট কিছুটা লাঘব হয় তখনই, যখন সে নিজেকে কোনো এক শিশুর মা হিসেবে কল্পনা করে বা অনুভব করে।’
অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘কথা না বলে শুধু অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করা ভীষণ কঠিন। চরিত্রের প্রস্তুতির জন্য নির্মাতা আমাকে টানা তিন দিন সেটে কথা বলতে দেননি। সেই নীরবতার কষ্টই হয়তো চরিত্রে বাস্তব বেদনার ছাপ এনে দিয়েছে। তবে শেষ পর্যন্ত দর্শকরাই এর সঠিক মূল্যায়ন করবেন।’
মৌসুমী হামিদের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন সরকার রওনক রিপন, আজাদ আবুল কালাম, অদ্রিজিৎ মণ্ডল, আনোয়ারুল হক ও রিবন খন্দকার। গল্পটি লিখেছেন স্বাক্ষর কু-ু দীপ এবং চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রাজীব হোসেন।
‘জ্বীনের বাচ্চা’ নামটা শুনলেই কৌতূহল তৈরি হয়। গল্পের দর্শন প্রসঙ্গে ইমরান বলেন, ‘এটি মূলত মাতৃত্বের গল্প। আমার বিশ্বাস, এই জগতে হোক বা অন্য কোনো জগতে, মাতৃত্বের ভাষা একই। সেই সর্বজনীন অনুভূতিকেই আমি পর্দায় তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি সমাজের ভেতরে লুকিয়ে থাকা এক ধরনের অদৃশ্য অস্বস্তিকে রূপকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি এখানে।’